কক্সবাজারের রাখাইনদের সর্ববৃহত্ সামাজিক উত্সব ‘সাংগ্রেং’ গতকাল বৃহস্পতিবার বিকাল থেকে শুরু হয়েছে। প্রতিবছর রাখাইন বা বার্মিজ নববর্ষ উপলক্ষে এই উত্সবের আয়োজন করা হয়।
জানা গেছে, এ উত্সবকে কেন্দ করে কক্সবাজার শহর এবং জেলার অন্যান্য স্থানে রাখাইন পল্লীগুলোতে ব্যাপক উত্সবের আমেজ বিরাজ করছে। রাখাইন পল্লীগুলোতে তরুণ-তরুণীদের পানিখেলার জন্য তৈরি করা হয়েছে বিশেষ প্যান্ডেল। এসব প্যান্ডেলে তরুণীরা অবস্থান করে। আর তরুণদের দল ঘুরে ঘুরে বিভিন্ন প্যান্ডেলে গিয়ে তরুণীদের দিকে পানি ছুঁড়ে মারে। প্রত্যুত্তরে তরুণীরাও তরুণদের লক্ষ্য করে পানি নিক্ষেপ করে। এ উত্সবে তরুণ-তরুণীরা তাদের জীবন সঙ্গীও নির্বাচন করে।
রাখাইন সম্প্রদায়ের নেতা ও কক্সবাজার সিটি কলেজ অধ্যক্ষ ক্যথিং অং জানান, রাখাইনদের সাংগ্রেং উত্সবের প্রথম চারদিন ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে এবং শেষ তিন দিন সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়।
তিনি জানান, সাংগ্রেং এর পানিখেলার সাথে বিগত দিনের পাপ-পঙ্কিলতা ধুয়ে মুছে সাফ হয়ে যায়- এই বিশ্বাসে রাখাইন সম্প্রদায়ের তরুণ-তরুণীরা উত্সবে মাতে।
গত বছরের তুলনায় এ বছর উত্সবের আমেজ বেড়েছে উল্লেখ করে শহরের ক্যাংপাড়ার আবু রাখাইন বলেন, ২০১২ সালে রামু, উখিয়াসহ বিভিন্নস্থানে বৌদ্ধ বিহারে হামলা এবং মিয়ানমারের আরাকানে সাম্প্রদায়িক দাঙ্গার কারণে গত বছরের উত্সবে ভাটা পড়লেও এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সকলেই উত্সবে মেতেছে।
