যমুনায় ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ১৭ এপ্রিল ২০১৪, ২২:৪৯
জেলার সারিয়াকান্দিতে দাদার বাড়িতে বেড়াতে এসে যমুনা নদীতে ডুবে কাজী ছামিউল ইসলাম হূদম (১৬) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। উপজেলার কামালপুর স্পারের কাছে গত বুধবার দুপুরে যমুনা নদীতে গোসল করতে নামলে ডুবে যায় হূদম। পরে রাত ১০টার দিকে ডুবুরিরা তার লাশ উদ্ধার করে। সে উপজেলার রৌহদহ গ্রামের কাজী দারুল ইসলাম দেলখোসের একমাত্র ছেলে। এলাকাবাসী সূত্রে জানা যায়, হূদম তার পরিবারের সঙ্গে ঢাকায় থাকতো। এ বছর সে ঢাকার পিলখানা উচ্চ বিদ্যালয় হতে এসএসসি পরীক্ষা দিয়েছে। পরীক্ষা শেষে চলতি মাসের শুরুতে সে তার দাদার বাড়ি সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের রৌহদহ গ্রামে বেড়াতে আসে। হূদম গত বুধবার দুপুরে তার ফুফাতো-মামাতো বোনদের সঙ্গে কামালপুর স্পারের কাছে যমুনা নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে সে নদীতে ডুবে যায়। রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা রাত ১০টার দিকে এসে তার মৃতদেহ উদ্ধার করে।