অতিলোভে মানবতা হারাচ্ছে মানুষ

আপডেট : ১৭ এপ্রিল ২০১৪, ২২:৪৯
দেশ-বিদেশের খ্যাতিমান ইসলামী চিন্তাবিদ, গবেষক ও বিপুলসংখ্যক জ্ঞানপিপাসু মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে চট্টগ্রামে চতুর্থ আন্তর্জাতিক সুফি সম্মেলন শুরু হয়েছে। ‘সুফিবাদ, ওলিবাদ:নৃতাত্ত্বিক জাতিসত্তা ও আন্তঃধর্মীয় সংঘাত’ শীর্ষক তিন দিনব্যাপী সম্মেলন আয়োজন করেছে মাইজভাণ্ডারী একাডেমি। বৃহস্পতিবার নগরীর শাহ আলম বীর উত্তম মিলনায়তন প্রাঙ্গণে এর উদ্বোধন করেন মাইজভাণ্ডার শরীফ গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন রাহবারে আলম হযরত সৈয়দ মোহাম্মদ হাসান (মজিআ)। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির উপদেষ্টা ড. মুহাম্মদ আব্দুল মান্নান চৌধুরী। সভাপতিত্ব করেন একাডেমির সভাপতি প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সুফি কনফারেন্সের সেক্রেটারি জেনারেল অধ্যাপক এওয়াইএম জাফর। উদ্বোধনী অনুষ্ঠানের পর নগরীর আগ্রাবাদ এলাকায় চট্টগ্রাম চেম্বার হাউস মিলনায়তনে সম্মেলনের মূল আলোচনা শুরু হয়। এতে সুফিবাদসহ নানা বিষয়ে আলোচনাকালে আন্তর্জাতিক সুফি ব্যক্তিত্ব ও ইসলামী পণ্ডিতরা বলেন, অতিমাত্রায় লোভ-মোহের প্রতি ঝুঁকে পড়া এবং ক্ষমতা-সম্পদের আসক্তি ও বৈষয়িক উন্নতির পেছনে ছোটার কারণে মানুষ আজ মানবতা হারিয়ে ফেলেছে। ফলে জনজীবনে নেমে এসেছে শতমুখী বিপর্যয় ও দুঃখ-দুর্দশা। সুফি-ওলি-সাধকদের জীবনাদর্শ গ্রহণ করে আত্মা ও মনের পরিশুদ্ধতা অর্জনের মাধ্যমে অবক্ষয়তাড়িত দিশাহীন মানুষ মুক্তির গন্তব্যে পৌঁছতে পারে। গতকাল বিকালে অনুষ্ঠিত দ্বিতীয় টেকনিক্যাল সেশনে সভাপতিত্ব করেন প্রফেসর ড. মুহাম্মদ আব্দুল মান্নান চৌধুরী। একই সময়ে নগরীর খুলশী এলাকার একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় মহিলাদের জন্য পৃথক আলোচনা সভা। সুফি সম্মেলনে আজ শুক্রবার ও আগামীকাল শনিবারের কর্মসূচির মধ্যে রয়েছে মাইজভাণ্ডার দরবার শরীফসহ চট্টগ্রাম মহানগর ও জেলার মাজার-দরগাহসহ ইসলামী ঐতিহ্যমণ্ডিত স্থাপনাসমূহ পরিদর্শন ও আলোচনা সভা।