ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন এনডিএ জোটে ভাঙন আসন্ন, এমন আশঙ্কা তৈরী হয়েছে। বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদী এবং টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডুর মধ্যে ব্যবধান ক্রমেই বাড়ছে। যেকোন মুহুর্তে নাইডু নিজের দলকে মোদীর নির্বাচনী জোট থেকে প্রত্যাহার করে নিতে পারেন। যদিও মোদী-নাইডু দ্বন্দ্ব তাদের নির্বাচনী জোটে কোনো প্রভাব ফেলবে না বলে দাবি করেছে উভয় শিবির।
সম্প্রতি অন্ধ্রপ্রদেশে নির্বাচনী প্রচারে মোদীর সঙ্গে মঞ্চ ভাগ করে নিতে চেয়েছিলেন চন্দ্রবাবু। কিন্তু তাতে বিন্দুমাত্র আগ্রহ দেখাননি গুজরাটের মুখ্যমন্ত্রী মোদী। বিজেপির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, একক রোড-শোতেই মোদীর বেশী আগ্রহ। প্রচার সূচী অনুযায়ী, ২২ এপ্রিল অন্ধ্রে প্রচারে যাবেন মোদী। এ সময়ে দু’টি জনসভাতে অংশগ্রহণ করবেন তিনি। এর একটি করিমনগরে, অন্যটি নিজামাবাদে। জনপ্রিয়তার জোয়ারে মোদী আত্মঅহমিকায় ভূগছেন এমন অভিযোগ করা হয়েছে টিডিপির পক্ষ থেকে। কিন্তু বিজেপি তাতে মোটেও গুরুত্ব দিচ্ছে না।
তবে শুধু এই বিষয়টি নয়, দুই শিবিরের মতান্তর ঘটেছে সীমান্ধ্রের নারসাপুর লোকসভা আসনটি নিয়েও। জোটের বোঝাপড়া অনুযায়ী বিজেপিকে আসনটি ছেড়ে দেয় টিডিপি। কিন্তু ওই আসনে নাইডুর স্নেহধন্য রঘুরামকৃষ্ণ রাজুকে প্রার্থী করতে রাজি হয়নি বিজেপি। পরিবর্তে প্রার্থী করা হয় রাজ্যের বিশ্ব হিন্দু পরিষদ সাধারণ সম্পাদক গঙ্গা রাজুকে। বিশ্লেষকরা বলছেন, প্রভাবশালী নাইডু যদি জোটছুট হয়ে যান তবে বড় ধরনের ধাক্কা খাবেন নরেন্দ্র মোদী।
