সেন্টমার্টিনে সাগরে নিহত নোমানের লাশ দাফন

আপডেট : ১৭ এপ্রিল ২০১৪, ২৩:০১
সেন্টমার্টিনের সাগরে ভেসে নিহত আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শাহরিয়ার ইসলাম নোমানের লাশ বৃহস্পতিবার দাফন করা হয়েছে। গ্রামের বাড়ি মুক্তাগাছার মহিষতারায় পারিবারিক কবরস্থানে দাদার কববের পাশে দাফন করা হয়। এর আগে নোমানের লাশ এক নজর দেখতে তার মুক্তাগাছা শহরের লক্ষ্মীখোলার বাড়িতে ভোর থেকেই শোকার্ত মানুষের ঢল নামে। বৃহস্পতিবার সকাল ৮টায় নোমানের মরদেহ মুক্তাগাছা শহরের লক্ষ্মীখোলার বাড়িতে পৌঁছে। এ সময় সেখানে এক হূদয়বিধারক দৃশ্যের অবতারণা হয়। মা, বাবা, ছোট বোন আর আত্মীয়-স্বজনদের আহাজারিতে সেখানকার বাতাস ভারি হয়ে উঠে। সকালে স্থানীয় পৌর গোরস্থান মাদ্রাসা মাঠে তার প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। সেখানে স্থানীয় সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মুক্তি, উপজেলা চেয়ারম্যান বদর উদ্দিন আহমেদ, পৌর মেয়র আঃ হাই আকন্দসহ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, প্রশাসনের কর্মকর্তা কর্মচারীসহ কয়েক হাজার মানুষ তার জানাজায় অংশ নেন। পরে মহিষতারায় দ্বিতীয় জানাজা হয়। নোমান মুক্তাগাছা উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের একমাত্র ছেলে।