হবিগঞ্জ বৈশাখী মেলায় গান দেখাকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ২ এলাকাবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। এ নিয়ে উভয় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ এ ঘটনায় ৪ জনকে আটক করে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, হবিগঞ্জ পৌরসভায় আয়োজিত বৈশাখী মেলায় গান দেখা নিয়ে গত বুধবার শায়েস্তানগরের রুকন মিয়ার সাথে অনন্তপুরের মাসুম মিয়ার ঝগড়া হয়। এর জের ধরে রাত ৯টায় ২ এলাকার লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় আড়াই ঘণ্টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। মুহূর্তের মধ্যে সংঘর্ষ আশপাশের কয়েকটি এলাকায় ছড়িয়ে পড়লে শহরের একাংশ রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশ দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে পরিস্থিতি শান্ত করে। ফের সংঘর্ষের আশঙ্কায় রাতে ২ এলাকায়ই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এরপর গতকাল বৃহস্পতিবার দুপুরে পুনরায় অস্ত্রসহ উভয় এলাকার লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় স্থানীয়রা লাঠি নিয়ে সংঘর্ষে অংশ নিতে উভয়পক্ষ মসজিদের মাইক ব্যবহার করে আহ্বান জানায়। এক পর্যায়ে থেমে থেমে চলা এ সংঘর্ষ বিভিন্ন অলিগলিতে ছড়িয়ে পড়লে ভয়াবহ রূপ ধারণ করে। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর করা হয়। এ সময় পুলিশ ১৫ রাউন্ড রাবার বুলেট ও ৮ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
