রিজওয়ানার স্বামীকে দ্রুত উদ্ধার করুন সরকারের প্রতি চার নেতার আহবান

আপডেট : ১৭ এপ্রিল ২০১৪, ২৩:০৩
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিক অপহরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ, বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ, জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান কাজী জাফর আহমদ ও জাতীয় পার্টি (জেপি) মহাসচিব শেখ শহীদুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার পৃথক বিবৃতিতে তারা প্রত্যেকেই আবু বকরকে দ্রুত উদ্ধার করে ঘটনার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন। এরশাদ তার বিবৃতিতে বলেন, এই ঘটনায় জনমনে সংশয় ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। রিজওয়ানা হাসানের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে তিনি বলেন, আবু বকর সিদ্দিককে সুস্থ অবস্থায় খুঁজে বের করার পাশাপাশি এ ঘৃণ্য ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। রওশন এরশাদ বলেন, তাকে উদ্ধারে সব প্রশাসনিক শক্তি ব্যবহার করতে হবে। তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান কাজী জাফর আহমদ বিবৃতিতে বলেন, এই ঘটনার জন্য সরকার দায়-দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। এই ঘটনার মধ্য দিয়ে আরেকবার প্রমাণিত হল যে দেশে খুন, গুম এবং আইন বহির্ভূত হত্যাকান্ড এখন নিত্য-নৈমিত্তিক ঘটনা। তিনি সরকারের নিকট প্রশ্ন রাখেন, এ কোন সমাজে আমরা বাস করছি? এই যদি আইনশৃংখলা পরিস্থিতির অবস্থা হয় তাহলে সরকারের প্রয়োজনীয়তা কোথায়? জাতীয় পার্টি (জেপি) মহাসচিব শেখ শহীদুল ইসলাম বিবৃতিতে বলেন, এই অপহরণের ঘটনা নাগরিকদের জানমালের নিরাপত্তা বিধানের ক্ষেত্রে অনিশ্চয়তার সৃষ্টি করেছে। প্রধানমন্ত্রীর সহায়তা দাবি হোমনা (কুমিল্লা) সংবাদদাতা জানান, বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিক লিটুকে দ্রুত এবং সুস্থ উদ্ধারের দাবি জানিয়েছেন তার স্বজনসহ হোমনা উপজেলাবাসী। অপহূত লিটু কুমিল্লার হোমনা উপজেলার সদর ইউপির সাবেক চেয়ারম্যান শ্রীমদ্দি গ্রামের মরহুম ইঞ্জিনিয়ার আঃ জলিলের তৃতীয় পুত্র। গতকাল সকালে অপহূত লিটুর চাচা আঃ রশিদ কান্না জড়িত কণ্ঠে সাংবাদিকদের বলেন, আমার সহজ-সরল নিরহংকার ভাতিজাকে দ্রুত ফিরে পেতে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাহায্য চাই। এদিকে আবু বকর সিদ্দিক লিটুকে সুস্থ ফিরে পেতে গতকাল উপজেলার বিভিন্ন মসজিদ মাদ্রাসায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।