আবু বকরকে উদ্ধারের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

আপডেট : ১৭ এপ্রিল ২০১৪, ২৩:০৩
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের অপহূত স্বামী আবু বকর সিদ্দিককে ফেরত পাওয়ার দাবিতে আগামী রবিবার সারাদেশে মানববন্ধন কর্মসূচি পালন করবেন আইনজীবীরা। একইসঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে আবু বকর সিদ্দিককে সুস্থভাবে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়া না হলে আন্দোলনের হুমকি দিয়েছেন আইনজীবীরা। গতকাল বৃহস্পতিবার বেলা একটার দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে আইনজীবীদের পক্ষ থেকে ওই দাবি জানানো হয়। দল-মত নির্বিশেষে সুপ্রিম কোর্ট বারের আইনজীবীরা এতে যোগ দেন। সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না ও সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিকের উদ্যোগে অনুষ্ঠিত ওই মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। মানববন্ধনে এডভোকেট জেড আই খান পান্না জানান, রিজওয়ানার স্বামীকে সুস্থভাবে ২৪ ঘণ্টার মধ্যে ফিরিয়ে না দিলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। রবিবার দেশের প্রতিটি বারে আইনজীবীরা মানববন্ধন কর্মসূচি পালন করবেন। ড. শাহদীন মালিক বলেন, দোষারোপের রাজনীতি বাদ দিয়ে আমাদের নিরাপত্তা নিশ্চিত করুন। রিজওয়ানার স্বামীকে সুস্থভাবে ফেরত না দেয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে তিনি জানান। পরে সমিতির সম্পাদক ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন মানববন্ধনে যোগ দিয়ে একাত্মতা প্রকাশ করেন। মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি এডভোকেট জয়নুল আবেদীন, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরউল্লাহ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।