চট্টগ্রাম অফিস
চট্টগ্রামে স্ত্রীর সাথে ঝগড়া করে নিজের পেটে ছুরি চালিয়ে আত্মহত্যা করেছেন মো. সুজন নামে এক রিকশাচালক। গত বৃহস্পতিবার নগরীর কোতোয়ালি থানাধীন সিআরবি জামতলা বস্তিতে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে স্ত্রী সুফিয়ার সাথে বাকবিতণ্ডার এক পর্যায়ে নিজের পেটে ধারালো ছুরি দিয়ে আঘাত করে সুজন। আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে নেয়ার পর চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ স্ত্রী সুফিয়াকে আটক করেছে। নিহত সুজনের বাড়ি মৌলভীবাজার জেলায়। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বৃদ্ধের লাশ উদ্ধার
নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকা থেকে সালেহ আহমেদ (৮৫) নামে এক বৃদ্ধের লাশ বৃহস্পতিবার সকালে উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃত সালেহ আহমেদের বাড়ি পটিয়া উপজেলায়। গত শনিবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। বার্ধক্যজনিত কারণে মারা যান তিনি। পরে পরিবারের সদস্যরা এসে বৃদ্ধের লাশ বাড়িতে নিয়ে যান।
