ফুলছড়িতে ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে

আপডেট : ১৮ এপ্রিল ২০১৪, ২১:২৮
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরাঞ্চলের কৃষকদের মাঝে ভুট্টা চাষের আগ্রহ বাড়ছে। প্রতিবছরই এ ফসল চাষাবাদে জমির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। উপজেলার উরিয়া, ফজলুপুর, ফুলছড়ি ও গজারিয়া ইউনিয়নের কৃষকদের মাঝে ওই ফসল বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। কালা সোনা গ্রামের কৃষক চাঁন মিয়া, কাসেম, ফুল মিয়া জানান, চরের এসব জমিতে পানি জমে রাখা সম্ভব হয় না। এ কারণে বোরো চাষের পরিবর্তে ভুট্টার চাষ করতে হয়। ভুট্টা চাষে বোরো ফসলের চেয়ে সেচ ও উত্পাদন খরচ কম। যে সকল জমিতে পানি জমে রাখা যায় না বা বোরো চাষ সম্ভব হয় না এমন জমিসহ পতিত থাকা জমি ভুট্টা চাষের জন্য বেশ উপযোগী। তবে ইউরিয়া সার একটু বেশি ব্যবহার করতে হয়। উপজেলার উরিয়া গ্রামের কৃষক হাসেম আলী জানান, এবারে ১ একর জমিতে ভুট্টা চাষ করেছি। ভুট্টার ফলন অন্য যে কোন ফসলের চেয়ে বেশি। ভুট্টা চাষে লাভবান হওয়া যায় এবং বিক্রি করতেও তেমন সমস্যা হয় না। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, গত মৌসুমে এ উপজেলায় ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ২৭ হেক্টর জমি, সেখানে আবাদ হয়েছিল ১ হাজার ৮৫০ হেক্টর জমি, ফলন হয়েছিল ১৪ হাজার ১শ’ মেট্রিক টন ভুট্টা। সেই মোতাবেক চলতি মৌসুমে ভুট্টা চাষের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৯০৪ হেক্টর জমি। সেখানে চলতি মৌসুমে ২ হাজার ২শ’ হেক্টর জমিতে ভুট্টার চাষ করা হয়েছে। উপজেলা কৃষি অফিসার ইউসুফ রানা জানান, প্রতিবছর বন্যায় ফুলছড়ির চরের জমির উর্বরা শক্তি বেড়ে যায়। ফলে জমিগুলো বালি দেখা গেলেও ফসল ভালো হয়। এ জমিগুলো মরিচ,গম ও ভুট্টা চাষের জন্য উপযোগী।