সরিষাবাড়ীতে শ্রমিক বিক্ষোভ ছয় পুলিশসহ আহত ৩০

আপডেট : ১৮ এপ্রিল ২০১৪, ২১:২৯
জামালপুরের সরিষাবাড়ী আলহাজ্ব জুট মিলের শ্রমিকরা বেতনের দাবিতে বৃহস্পতিবার দফায় দফায় বিক্ষোভ করেছে। মিল কর্তৃপক্ষ শ্রমিকদের সাপ্তাহিক বেতন বন্ধ করে মাসিকভাবে বেতন প্রদানের সিদ্ধান্ত নিলে বিকেলে এ বিক্ষোভের সূত্রপাত হয়। সন্ধ্যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বিক্ষুব্ধ শ্রমিকদের লাঠিচার্জ করলে পুলিশ-শ্রমিক ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাধে। এ সময় শ্রমিকরা তারাকান্দি থেকে ঢাকাগামী আন্তঃনগর অগ্নিবীনা ট্রেনে ইট-পাটকেল নিক্ষেপ ও রেললাইনে অগ্নিসংযোগ করে। পরে তারা মুক্তিযোদ্ধা সংসদ মোড় ও জামালপুর-সরিষাবাড়ী প্রধান সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে রাখে। এতে এলাকায় সব ধরনের দোকান-পাট ও যান চলাচল প্রায় ২ ঘন্টা বন্ধ থাকে। পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে ৩০-৩৫ রাউন্ড রাবার বুলেট ও শর্টগানের গুলি ছোঁড়ে। পুলিশ-শ্রমিক সংঘর্ষে পুলিশের এএসআই মাসুদ, কনস্টেবল নাজমুল, আমিনুল, হামিদ, সুমন ও শফিক আহত হয়। এছাড়া অন্তত ৩০ শ্রমিক ও পথচারী আহত হওয়ার খবর পাওয়া গেছে। গুরুতর আহত শ্রমিক তোজাম্মেল, সালাম, মামুন, আমিনুরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রমিক বিক্ষোভ চলছিল। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।