আগামী ১৭ এপ্রিল মুজিবনগর দিবস পালন উপলক্ষ্যে কুষ্টিয়ার-১ দৌলতপুর আসনের এমপিপুত্র মুজিবনগরে বিশাল গাড়ীবহর নিয়ে যাবার জন্য স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান ও বিত্তশালীদের নিকট ডিজিটাল চাঁদাবাজির অভিযোগ উঠেছে।
মুজিবনগর দিবস পালন উপলক্ষ্যে মুজিবনগরের আম্রকাননে আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে কুষ্টিয়া ও আশেপাশের জেলাগুলোর আওয়ামী লীগ নেতাকর্মীরা জড়ো হবেন। কুষ্টিয়ার-১ দৌলতপুর আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ও আওয়ামীলীগ নেতা রেজাউল হক চৌধুরী সমর্থিত কয়েক হাজার নেতাকর্মী ঐ অনুষ্ঠানে যোগ দেবেন। এজন্য শতাধিক যানবাহন ভাড়া করা হচ্ছে। এ সব পরিবহনের ভাড়া বাবদ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকার বিত্তশালীদের নিকট থেকে এমপি‘র দপ্তরের পরিচয়ে মজনু নামে এক ব্যক্তি ০১৭২৬২৭৪১২৫ মোবাইল নম্বর থেকে প্রতিষ্ঠান প্রধানদের কাছে ফোন করে মুজিবনগর যাবার জন্য গাড়ী ভাড়া বাবদ কিছু টাকা লাগবে, সময়মত পৌঁছে দিবেন। উল্লেখিত নম্বরে বিকাশ করতে পারেন অথবা এমপি পুত্র ইমরান চৌধুরী কলিন্সের সাথে যোগাযোগ করতে পারেন। আর টাকা না দিলে খবর আছে বলে হুমকিও দেয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রধান শিক্ষক জানান, এমপিপুত্র ও তার সহযোগীরা ৭/৮ দিন ধরে ফোন দিচ্ছে টাকা দেবার জন্য। আমাদের প্রতিষ্ঠানের কোন ফান্ড না থাকায় শিক্ষকদের বেতনের টাকা থেকে দাবিকৃত টাকা দিতে হবে।
একাধিক প্রধান শিক্ষক জানান, এমপি পুত্র ও তার লোকজন ডিজিটাল কায়দায় (মোবিক্যাশ, বিকাশ) চাঁদাবাজি শুরু করেছেন বলে এলাকায় গুঞ্জন উঠেছে। এমপি পুত্র ইমরান চৌধুরী কলিন্স চাঁদাবাজির কথা অস্বীকার করে বলেন, কিছু প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধান আমাদের সাথে মুজিবনগরে যাবার ইচ্ছা প্রকাশ করেছেন। সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী বলেন, আমি ঢাকায় আছি বিষয়টি আমার জানা নেই।
