সিলেটে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সিলেটের সর্বস্তরের সাংবাদিকদের মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
সিটি কর্পোরেশনের মেয়র, আইনজীবী, রাজনীতিবিদ, শিক্ষক, মানবাধিকার সংগঠন, ব্যবসায়ী প্রতিনিধিসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করতে কেন্দ্রীয় শহীদ মিনারে ছুটে আসেন।
বৃহস্পতিবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সম্মুখে সর্বস্তরের সাংবাদিক সমাজের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা না হলে সিলেটের সাংবাদিকরা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবেন। সাংবাদিক সেলিম আউয়ালের সঞ্চালনায় এতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ এফ এম রুহুল আনাম চৌধুরী মিন্টু, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী, দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান আবু জাহেদ, সুজন সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, প্যানেল মেয়র কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, কোমপানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান নাসরিন জাহান ফাতেমা, সিলেট প্রেসক্লাব ফাউন্ডেশনের সাধারণ সমপাদক কাউন্সিলর রেজওয়ান আহমদ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সালাম মশরুরর, কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইকরামুল কবির, ইমজার সাবেক সভাপতি মঈনুল হক বুলবুল, দক্ষিণ সুরমা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের সাধারণ সমপাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে বক্তারা সাংবাদিক তাজউদ্দিনের ওপর হামলকারীরা এখনো গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বলেন, ঘটনার ৫ দিন পরও হামলাকারীদের গ্রেফতারে আইন-শৃংখলা বাহিনীর ব্যর্থতা আমাদের হতাশ করেছে। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, এ নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।
