রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর চৌমুহনী এলাকায় সন্ত্রাসীদের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছে স্থানীয় ব্যবসায়ীরা। প্রতিকার চেয়ে গত রবিবার মরিয়মগনর চৌমুহনী দোকানদার ব্যবসায়ীরা মিছিল সমাবেশ করেছে। এসময় ব্যবসায়ীরা একযোগে দোকান বন্ধ রাখে এবং ২ ঘন্টা কাপ্তাই সড়ক অবরোধ করে। ব্যবসায়ীরা জানান, ৮/১০ জনের একটি চিহ্নিত সন্ত্রাসী চক্র এলাকায় দোকানদারদের নিকট থেকে প্রকাশ্যে চাঁদাবাজি করে চলেছে। চাঁদা দাবির টাকা দিতে অস্বীকার করলে দোকানদার ব্যবসায়ীদের নানাভাবে নাজেহাল হতে হয় সন্ত্রাসী চক্রের হাতে। জোরপূর্বক ক্যাশ বাক্স থেকে টাকা লুটপাট করে নিয়ে যায় তারা। আপত্তি করলে তাদের হাতে শারীরিকভাবেও লাঞ্ছিত হতে হয়। সরকারি দলের নেতা-কর্মী পরিচয়ে বেপরোয়া দাপটে এখন এলাকায় তারা চাঁদাবাজি করছে। গত ৪ এপ্রিল রাতে হাজি জালাল ষ্টোর নামের একটি মুদি দোকানে হামলা দিয়ে ৪/৫ হাজার টাকা লুট করে নিয়ে যায় ইকবালের নেতৃত্বে চিহ্নিত সন্ত্রাসীরা। মোটা অংকের দাবির চাঁদা না দেয়ায় তারা ঐ দোকানে হামলা করে জোরপূর্বক ক্যাশ বাক্স হাতিয়ে টাকা নিয়ে যায়।
