বাগমারা (রাজশাহী) সংবাদদাতা
রাজশাহীর বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সদের বিরুদ্ধে টাকার বিনিময়ে প্রসূতিদের অস্ত্রোপচারের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার সঙ্গে জড়িত এক নার্সকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকা জবা রানী তার দুই সহকর্মীকে নিয়ে টাকার বিনিময়ে দীর্ঘদিন ধরে প্রসূতিদের অস্ত্রোপচার করে আসছেন। বিনামূল্যে চিকিত্সকের অস্ত্রোপচারের কথা থাকলেও সে কাজটি তারা করছেন না। অভিযোগ রয়েছে হুমকি দিয়ে প্রসূতি ও তাদের স্বজনদের কাছ থেকে টাকা নেয়া হয়। এমনকি টাকা পাওয়ার পরেই তারা অপারেশন থিয়েটারে যান বলে ভুক্তভোগীরা জানান। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, নার্সদের বিরুদ্ধে প্রসূতিদের অস্ত্রোপচার ও টাকা নেয়ার অভিযোগ পাওয়ার পর এক নার্সকে শোকজ করা হয়েছে। এখানে টাকার বিনিময়ে অস্ত্রোপচার করা হয় বলে যে অভিযোগ উঠেছে তা ঠিক না।
