উলিপুরে ৫০৫ জন প্রাথমিক শিক্ষক বেতন পাচ্ছেন না

আপডেট : ১৮ এপ্রিল ২০১৪, ২১:৩২
উলিপুর(কুড়িগ্রাম) সংবাদদাতা কুড়িগ্রামের উলিপুর উপজেলা শিক্ষা অফিসের অবহেলায় ১২৫টি বিদ্যালয়ের ৫০৫ জন শিক্ষক-শিক্ষিকা বেতন পায়নি। জাতীয়করণকৃত এসব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ৬ মাস ধরে বেতন না পেয়ে মানবেতন জীবনযাপন করছেন। জানা গেছে, সারা দেশের ন্যায় ১ম ধাপে উলিপুর উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১২৫টি প্রাথমিক বিদ্যালয়ের ৫০৫ জন শিক্ষক-শিক্ষিকার চাকরি জাতীয়করণ করা হয়। গতবছর জানুয়ারি মাস থেকে এসব বিদ্যালয়ে কর্মরত শিক্ষকরা নতুন বেতন কাঠামোতে এখন পর্যন্ত বেতন-ভাতা পাননি। শিক্ষকরা সরকারিকরণের আগে সর্বশেষ গত সেপ্টেম্বর মাসের বেতনভাতা উত্তোলন করেন। এরপর সংশ্লিষ্ট শিক্ষা অফিসের অবহেলার কারণে তাদের বেতন-ভাতা বন্ধ রয়েছে। এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ নজরুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, শিক্ষকদের বেতন-ভাতা দেয়ার কাজ দ্রুতগতিতে চলছে, শিক্ষকরা শিগগিরই বেতন-ভাতা পাবেন।