ডুমুরিয়ায় ভূমিজ ফাউন্ডেশনের সভা
ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা \ ইউরোপিয় ইউনিয়নের অর্থায়নে ও ভূমিজ ফাউন্ডেশনের আয়োজনে গতকাল বৃহস্পতিবার উপজেলা পর্যায়ের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সামছু-দৌজ্জার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) সেলিম রেজা, চেয়ারম্যান জি এম আমানুল্লাহ, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান, সাংবাদিক জি এম আব্দুস ছালাম, সংস্থার উজ্জ্বল চক্রবর্তী ও এম মশিউর রহমান, অন্ত্যজ সম্প্রদায় মিলন দাশ, রূপসী হালদার প্রমুখ।
কেন্দুয়ার শহীদ স্মৃতি বিদ্যাপীঠ শ্রেষ্ঠ
নেত্রকোনা প্রতিনিধি \ নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার শ্রেষ্ঠ এবং জেলার মধ্যে চতুর্থ শিক্ষা প্রতিষ্ঠানের স্থান অর্জন করেছে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ তাঁর নিজ গ্রাম কুতুবপুরে প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যাপীঠ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের জেলা ভিত্তিক সেরা দশ বিদ্যালয় নির্বাচনের জরিপে এ তথ্য প্রকাশ করা হয়েছে। এ ব্যাপারে শহীদ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আসাদুজ্জামান বলেন, পরীক্ষার ফলাফল ও পাঠদানের ভিত্তিতে জেলায় চতুর্থ স্থান ও উপজেলায় প্রথম স্থান অধিকার করলেও এখন পর্যন্ত এ বিদ্যাপীঠটি সরকারিভাবে এমপিওভুক্ত করা হয়নি।
আক্কেলপুরে ওপেন হাউস ডে অনুষ্ঠিত
আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা \ জয়পুরহাটের আক্কেলপুর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউস ডে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আক্কেলপুর থানা প্রাঙ্গণে এলাকার সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউস সাদিক রেজার সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার হামিদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুর রহমান আতিক, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসর, সিনিয়র সহ-সভাপতি সাদেকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান কবিরাজসহ সকল সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধি।
বানারীপাড়ায় আওয়ামী লীগ নেতা বহিষ্কার
বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা\ বানারীপাড়ায় সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুখরঞ্জন বৈদ্য শুক্কুরকে সংগঠনের শৃঙ্খলা-বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আঃ জলিল ঘরামীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুখরঞ্জন বৈদ্য শুক্কুরকে সংগঠনের শৃঙ্খলা-বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়।
বিরামপুরে প্রাথমিক শিক্ষকদের স্মারকলিপি প্রদান
বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা \ বিরামপুর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে বৃহস্পতিবার বিকেলে মহাপরিচালক বরাবর স্মারকলিপি দিয়েছেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাভেদ আলীর হাতে স্মারকলিপি তুলে দেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতি বিরামপুর উপজেলা শাখার আহবায়ক তৌফিকুল ইসলাম ও সদস্যসচিব মামুনুর রশিদ। এসময় সকল বিদ্যালয়ের ২ শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।
দুর্গাপুরে আদিবাসীর শ্লীলতাহানির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন
দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা \ নেত্রকোনার দুর্গাপুরের আদিবাসী নারী সোমবার ঢাকা রমনার বর্ষবরণ অনুষ্ঠান শেষে মোহাম্মদপুর নুরজাহান রোডের বাসায় ফেরার পথে তিন দুষ্কৃৃতকারী জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণ করার প্রতিবাদে বাংলাদেশ গারো ছাত্র সংগঠন(বাগাছাস) দুর্গাপুর উপজেলা কমিটির আয়োজনে এক ঘন্টাব্যাপী দুর্গাপুর উপজেলা পরিষদ চত্বরে এক বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন বৃহস্পতিবার। সমাবেশে বক্তব্য রাখেন দুর্গাপুর উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খান, ছাত্রলীগ উপজেলা সভাপতি হালিম তালুকদার প্রমুখ।
হবিগঞ্জে টোল আদায়ের প্রতিবাদে অটোরিকশা শ্রমিকদের মানববন্ধন
হবিগঞ্জ প্রতিনিধি \ হবিগঞ্জ পৌর বাস টার্মিনালে সিএনজি অটোরিকশা থেকে টোল আদায় বন্ধের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে অটোরিকশা মালিক-শ্রমিক সমিতি। বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনে সভাপতিত্ব করেন সদর উপজেলা অটোরিকশা শ্রমিক সমিতির সভাপতি মোঃ ফারুক আহমেদ।
কুমিল্লা থেকে অপহূত ব্যবসায়ী ফেনীতে উদ্ধার
কুমিল্লা প্রতিনিধি \ কুমিল্লা চৌদ্দগ্রাম থেকে কামাল হোসেন (৩৫) নামের এক ব্যবসায়ীকে অপহরণের ২০ ঘণ্টার মধ্যে পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে বৃহস্পতিবার ফেনী মাতামুহুরী প্রজেক্ট এলাকা থেকে উদ্ধার করেছে। এ ঘটনায় পুলিশ ৩ অপহরণকারীকে আটক করেছে। ব্যবসায়ী কামাল হোসেন চৌদ্দগ্রাম উপজেলার তারাশাইল গ্রামের মৃত ছিদ্দিকুর রহমানের পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ফেনী সদর উপজেলার মাতামুহুরী প্রজেক্টের দুর্গম এলাকায় অভিযান চালিয়ে অপহূত ব্যবসায়ী কামাল হোসেনকে উদ্ধার করে এবং অপহরণ ঘটনার সাথে জড়িত ফেনী সদর উপজেলার নেয়ামতপুর গ্রামের শরীফুল আলম (২৫), ইকরাম (২৭) ও মো. হোসেন (২৪) নামের ৩ জনকে আটক করে ।
কুবিতে অপেক্ষমাণদের সাক্ষাত্কার ২২ ও ২৯ এপ্রিল
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি \ কুমিল্ল¬া বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের অপেক্ষমাণদের সাক্ষাত্কার ২২ ও ২৯ এপ্রিল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ক (বিজ্ঞান) এবং গ (ব্যবসায় শিক্ষা) ইউনিটে কোটার কিছু সংখ্যক আসন শূন্য থাকায় মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যারা ইতোপূর্বে সাক্ষাত্কারে অংশগ্রহণ করেনি, তাদেরকে আগামী ২২ এপ্রিল সকাল ১০টা থেকে বেলা ১২টার মধ্যে সাক্ষাত্কারের জন্য আহ্বান করা হয়েছে। খ ইউনিটের মেধাক্রম ২৪১ থেকে ৩২০ ও গ ইউনিটের মেধাক্রম ৯৭ থেকে ১০৬ পর্যন্ত শিক্ষার্থীদেরকে আগামী ২৯ এপ্রিল সকাল ১০টা থেকে বেলা ১টার মধ্যে ইউনিট প্রধানের অফিস কক্ষে সাক্ষাত্কারের জন্য আহ্বান করা হয়েছে।
প্যানেলভুক্ত শিক্ষক নিয়োগের দাবিতে গৌরনদীতে মানববন্ধন
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা \ জাতীয়করণকৃত রেজিষ্ট্রার প্রাথমিক বিদ্যালয়ের প্যানেলভুক্ত শিক্ষকরা নিয়োগের দাবিতে গতকাল গৌরনদীতে মানব বন্ধন কর্মসূচি পালন করেছেন। বরিশালের গৌরনদী, আগৈলঝাড়া, উজিরপুর, বাবুগঞ্জ, মুলাদী, হিজলা, মেহেন্দিগঞ্জ ,বাকেরগঞ্জসহ বরিশালের ১০ উপজেলার প্যানেলভুক্ত শিক্ষকরা মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। গৌরনদী বাসস্ট্যান্ডে মানববন্ধন কর্মসূচি পালন শেষে গৌরনদী প্রেসক্লাব চত্বরে মোঃ শাহিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মোঃ আসাদুজ্জামান, শারমিন জাহান হাসিনা।
ঈশ্বরদীতে হরিজনদের বিক্ষোভ মিছিল
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা \ আবাসিক এলাকায় মাদক ব্যবসা বন্ধ ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেছেন ঈশ্বরদীর হরিজনরা। বৃহস্পতিবার শতাধিক হরিজন মিছিল নিয়ে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন ও পথসভা করে। এসময় হরিজনরা অভিযোগ করে, শহরের দড়িনারিচা পশ্চিম টেংরী এলাকার একাধিক স্থানে দীর্ঘদিন ধরে চোলাই মদ, হেরোইন, গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি হলেও স্থানীয় প্রশাসন এসব বন্ধ বা বিক্রেতাদের গ্রেফতার করছে না। বরং মাদক ব্যবসার প্রতিবাদ করলে ওই মাদক ব্যবসায়ীরা পুলিশ দিয়ে হরিজনদের গ্রেফতার করবে বলে হুমকি দিয়ে আসছে। উপজেলা পরিষদে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সামনে হরিজনরা বিক্ষোভ করলে নির্বাহী কর্মকর্তা সানোয়ার হোসেন এবং ঈশ্বরদী থানা অফিসার ইনচার্জ (ওসি) বিমান কুমার দাশ বিক্ষোভ স্থলে এসে সহযোগিতার আশ্বাস দিলে তারা শান্ত হন এবং মিছিল নিয়ে ফিরে যান।
মহেশখালীতে সহকারী শিক্ষকদের অনশন
মহেশখালী (কক্সবাজার) সংবাদদাতা \ মহেশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল সহকারি শিক্ষকদের ১১ দফা দাবি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা শিক্ষা কর্মকর্তার মাধ্যমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে মহাপরিচালক বরাবর ১৭ এপ্রিল স্মারকলিপি প্রদান ও প্রতীকী অনশন করেছে। স্মারকলিপি প্রদান শেষে মহেশখালীর শহীদ মিনার প্রাঙ্গণে সহকারী শিক্ষক সমিতি মহেশখালী উপজেলা কমিটির আহ্বায়ক গিয়াসউদ্দীন আযম শাহ-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব মো:নেছার উদ্দীন, আব্দুল গফুর, রবিউল হোসেন, মোস্তাক আহমদ, নির্মল কান্তি দে,আনছারউল্লাহ হেলালী, আশেকুর রহমান, কুমকুম বদরুন্নেছা,রওজতুন নাহার,সাগরিকা,মঞ্জুরানী দাশসহ অনেকে।
মৌলভীবাজারে আনসারদের পেটালো দুর্বৃত্তরা
মৌলভীবাজার প্রতিনিধি \ মৌলভীবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসের তিন আনসার সদস্যদেরকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা । বৃহসপতিবার এ ঘটনা ঘটে। আহত আনসার সদস্যরা হলেন- শাহজাহান মিয়া (৩৮), শামছু মিয়া (৪০) ও হুমায়ুন আহমদ (৪২)। মৌলভীবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মেহদী হাসান জানান, অফিস চলাকালীন সময় সেলিম, আক্তার ও রেজাসহ ৭/৮ জন দালালচক্র একটি পাসপোর্ট দ্রুত ডেলিভারি নিতে চাইলে কর্তব্যরত আনসার সদস্যরা বাধা দেয়। এতে দালালচক্রের সদস্যরা ক্ষিপ্ত হয়ে লাঠি ধারালো দেশি অস্ত্র দিয়ে তাদের পিটিয়ে আহত করে। পরে আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর জেলা প্রশাসক কামরুল হাসান জানান, যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
নন্দীগ্রামে শিক্ষককে ছুরিকাঘাত করায় মানববন্ধন
নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা \ বগুড়ার নন্দীগ্রামে মনিনাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাত-পা ভেঙ্গে উপর্যুপরি ছুরিকাঘাত ও সহকারী শিক্ষককে বেদম মারপিট করায় বৃহস্পতিবার নন্দীগ্রাম প্রাথমিক শিক্ষক সমিতি উদ্যোগে দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে উপজেলার সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলার শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
শ্যামনগরে মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের কমিটি গঠন
শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা \ শ্যামনগরে মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের কল্যাণে তহবিল গঠনের লক্ষ্যে বৃহস্পতিবার আলোচনার মাধ্যমে অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ গোলাম বারীকে সভাপতি ও উপাধ্যক্ষ মাওঃ ইউনুছ আলীকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠিত হয়। অ-রাজনৈতিক সংগঠন শ্যামনগর মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের কল্যাণ তহবিল গঠনে এই কমিটি গঠন করা হয়েছে।
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ৩য় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অত্যাধুনিক তৃতীয় একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল শুক্রবার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম। এ সময় অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ আবুল বাসার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড, হুমায়ুন কবীর, বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধানগণ, প্রভোস্টগণ, প্রক্টর, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
কোম্পানীগঞ্জে উপজেলা চেয়ারম্যানের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) সংবাদদাতা \ কোম্পানীগঞ্জ উপজেলার পেশকারহাট উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী সেলিনা আক্তার রনির (১২) সাথে চরকাঁকড়া ইউনিয়নের নূর মোহাম্মদ চুকানী বাড়ির ইলিয়াছের (৫৫) বিয়ে বন্ধ হয়ে গেছে উপজেলা চেয়ারম্যানের হস্তক্ষেপে।
চরকাঁকড়া ইউনিয়নের সিরাজুল হকের মেয়ে রনি বিয়ে করতে রাজী না হলে তার মা তাকে মারধর করে। সে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি ঘটলে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। গত বৃহস্পতিবার সে অসুস্থ অবস্থায় উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের কার্যালয়ে এসে বিষয়টি অবহিত করে। উপজেলা চেয়ারম্যান তাত্ক্ষণিক থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাজেদুর রহমান সাজিদকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেন।
কোটালীপাড়ায় শেষ হলো সিন্ধান্তবাড়ীর মেলা
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা \ ঢাক, বাজনা, ঊলুধ্বনি ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে শেষ হলো ৪ দিনব্যাপী গোপালগঞ্জের কোটালীপাড়ার ঐতিহ্যবাহী সিন্ধান্তবাড়ীর মেলা। গত সোমবার বাণ ফোঁড়ানোর মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিকতা শুরু হয়ে বৃহস্পতিবার মহোত্সবের মধ্য দিয়ে শেষ হয়। ৪ দিনব্যাপী এই মেলার প্রধান আর্কষণ ছিল চড়ক পূজা। এই চড়ক পূজা দেখার জন্য কোটালীপাড়া ও এর আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নারী-পুরুষ উপস্থিত হয়। ঐতিহ্যবাহী সিন্ধান্তবাড়ী শ্রীশ্রী বুড়া ঠাকুর (শিব) মন্দিরের সেবাইত গৌরাঙ্গ লাল দাস বলেন, প্রায় ৪শ’ বছর ধরে এখানে চৈত্র সংক্রান্তির দিনে মেলা শুরু হয়ে, ৪ দিন চলে।এই মেলাকে কেন্দ্র করে বিভিন্ন প্রকার দোকান বসে।এই মেলায় সব ধর্মের লোকই আসে।এটি সামপ্রদায়িক সমপ্রীতির বিরল দৃষ্টান্ত।
চৌদ্দগ্রামে মানবাধিকার কমিশনের মতবিনিময় সভা
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা \ বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি) চৌদ্দগ্রাম উপজেলা শাখা কমিটির দায়িত্বদের এক মতবিনিময় সভা গত বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় একটি অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি ইকবাল হোসেন মজুমদারের সভাপতিত্বে ও সেক্রেটারী ডা. শাহাদাত হোসেন চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মমিনুল ইসলাম চেয়ারম্যান, অ্যাড. রফিকুল ইসলাম খাঁ (আহসান), সহ-সেক্রেটারী ডা. আনিছুর রহমান, শাহনেওয়াজ মজুমদার, প্রচার সম্পাদক সাংবাদিক মো. এমদাদউল্যাহ প্রমুখ। সভায় বক্তারা বলেন, ‘মানবাধিকার রক্ষায় প্রত্যেকের উচিত স্ব স্ব ক্ষেত্র থেকে নির্যাতিত ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো। নতুবা সমাজে বিপর্যয় নেমে আসবে’।
লালপুর উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর
লালপুর (নাটোর) সংবাদদাতা \ বৃহস্পতিবার লালপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিরুল ইসলামের সভাপতিত্বে নবনির্বাচিতদের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাংসদ আবুল কালাম আজাদ।
মাগুরায় আইনজীবীর মৃত্যুতে ফুল কোর্ট রেফারেন্স
মাগুরা প্রতিনিধি \ মাগুরা জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট আ: রাজ্জাক হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করায় বৃহস্পতিবার মাগুরায় ফুল কোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হয়। ফলে আদালতসমূহের বিচারকার্য বন্ধ থাকে। এ উপলক্ষে জেলা ও দায়রা জজ মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম বাবলু।
গোয়ালন্দে বৃক্ষপ্রেমীদের অভিনব প্রতিবাদ
গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা \ ‘গাছেরও প্রাণ আছে’ স্যার জগদীশ চন্দ্র বসুর উক্তির প্ল্যাকার্ড ঝুলিয়ে প্রতীকী বন্ডেস লাগিয়ে গাছে পেরেক ঠোকার প্রতিবাদ জানিয়েছে বৃক্ষপ্রেমী একঝাঁক তরুণ। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে গোয়ালন্দ বাজার রেলস্টেশনে এ কর্মসূচি পালন করে স্থানীয় সামাজিক সংগঠন একজ জাগরণে। জানা যায়, গোয়ালন্দ উপজেলার স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রদের স্থানীয় সামাজিক সংগঠন ‘একজ জাগরণে’ এলাকার সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে ২০১১ সালে গোয়ালন্দ বাজার স্টেশনের ১ কিলোমিটার এলাকায় শতাধিক কৃষ্ণচূড়া গাছ রোপণ করে। গাছগুলোতে এ বছর ফুল ফুটতে শুরু করেছে। গাছগুলো একটু মোটা হতেই বিভিন্ন ব্যানার-ফেস্টুন ঝুলাতে তাতে ঠোকা হচ্ছে বড় বড় পেরেক। এতে করে গাছগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে।
কোস্টগার্ডের নামে চাঁদা আদায়ের অভিযোগ
মংলা(বাগেরহাট) সংবাদদাতা \ কোস্ট গার্ডের নাম ভাঙ্গিয়ে চাঁদা আদায়ের অভিযোগে কোস্টগার্ড সদস্যরা জোয়াদ্দার মিজানুর রহমান নামে এক ইউপি মেম্বারকে আটক করেছে। তিনি খুলনার পাইকগাছা উপজেলার গড়ইখালী ইউপির ১ নং ওয়ার্ডের মেম্বার। গত বুধবার বিকেলে মংলার দিগরাজ বাজারে কোস্টগার্ড সদস্যরা গোপনসূত্রে খবর পেয়ে এক অভিযান চালিয়ে তাকে আটক করে। কোস্টগার্ড পশ্চিম (মংলা) জোনের অপারেশন্স কর্মকর্তা লেঃ মোজাহিদুর রহমান জানান, আটক ইউপি মেম্বারের নামে কোস্ট গার্ডের নাম ভাঙিয়ে গরীব মত্স্যজীবী ও মাঝিদের কাছ থেকে টাকা উত্তোলনের পাশাপাশি তার বিরুদ্ধে তথ্য প্রদানকারীদেরকে বিভিন্ন সময়ে হুমকি দেয়ার অভিযোগ রয়েছে। পরে আটক ইউপি মেম্বারকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
সিরাজদিখানে নিরাপদ অভিবাসন নিশ্চিত বিষয়ক কর্মশালা
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা \ নিরাপদ অভিবাসন নিশ্চিতকল্পে অভিবাসীদের জন্য সঠিক ও সময়োপযোগী তথ্য এবং অন্য সেবাপ্রাপ্তির পথ সুগম করার লক্ষ্যে দিনব্যাপী সিরাজদিখানে এক কর্মশালার আয়োজন করা হয়েছে। মাইগ্রেশন প্রোগ্রাম ব্র্যাক জাপান সোশ্যাল ডেভেলপমেন্ট ফান্ডের অর্থায়নে এ কর্মশালার আয়োজন করে গতকাল বৃহস্পতিবার। সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কাসেমের সভাপতিত্বে ও মাইগ্রেশন প্রোগ্রাম সমন্বয়কারী সামসুজ্জামানের পরিচালনায় অনু্ষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খান মোঃ নাজমুস সোয়েব, মুন্সীগঞ্জ ব্র্যাক জেলা প্রতিনিধি তানভীরুল ইসলাম, ব্র্যাক আইন সহায়তা কর্মকর্তা রুহুল আমীন তালুকদার প্রমুখ।
