বেগমগঞ্জে হিন্দু এলাকায় সহিংসতার ঘটনায় ১১১ জনের বিরুদ্ধে চার্জশিট

আপডেট : ১৮ এপ্রিল ২০১৪, ২২:১৬
জেলার বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জের হিন্দু এলাকায় ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি ১১টি হিন্দু বাড়ি ও ৭টি মন্দিরে অগ্নিসংযোগ, ভাংচুর, লুটের ঘটনায় নোয়াখালী ডিবি পুলিশ ১ বছর পর গত ১১ এপ্রিল ১১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে। এ সহিংস ঘটনায় সহস্রাধিক মানুষ অংশ নেয় বলে বিভিন্ন সূত্রে জানা যায়। এদিকে রাজগঞ্জ বাজারে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হলেও সন্ত্রাসীরা যে কোন সময় সুযোগ পেলে হামলা করতে পারে বলে স্থানীয় হিন্দুরা আশংকা করছে। নোয়াখালী ডিবি পুলিশের ওসি খন্দকার গোলাম শাহ নেওয়াজ বলেন, ডিবি পুলিশ রাজগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান হারুন ও মেম্বার শামীমসহ মোট ৫৩ জনকে গ্রেফতার করেছিল। তাদের প্রায় প্রত্যেকেই জামিনে আছেন। এর মধ্যে তদন্তের কাজ শেষ করে ১১১ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে।