এভারেস্টে তুষার ধসে ১৩ শেরপার প্রাণহানি

আপডেট : ১৮ এপ্রিল ২০১৪, ২৩:০৮
এভারেস্ট পর্বতে শুক্রবার ভোরে বরফ ধসে অন্তত ১৩ নেপালি শেরপার মৃত্যু হয়েছে। আহত হয়েছে বেশক কয়েকজন। পর্বতারোহণের মৌসুমকে সামনে রেখে এরা পর্বতের চূড়ায় কাজ করছিলেন। বিশ্বে সর্বোচ্চ পর্বতচূড়ায় এটিকে সবচাইতে ভয়াবহতম দুর্ঘটনা বলে অভিহিত করেছেন কর্মকর্তা ও উদ্ধারকারীরা। নেপালের পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তা দিপেন্দ্র পদেল কাঠমন্ডুতে বলেন, ‘আমরা ১৩টি মৃতদেহ উদ্ধার করেছি। আরো কতজন বরফের নিচে রয়েছে তা জানি না।’ ৮ হাজার ৮৪৮ মিটার (২৯,০২৯ ফুট) উঁচুতে বেস ক্যাম্পে উদ্ধারকারী টিমের কর্মকর্তা লাকপা শেরপা এএফপিকে বলেছেন, মৃতের সংখ্যা ১৪ পর্যন্ত হতে পারে। খবর এএফপি ও টাইমস অব ইন্ডিয়ার। নেপাল মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশনের সভাপতি আং থেরিং শেরপা বলেন, স্থানীয় সময় সকাল পৌনে সাতটার দিকে (গ্রিনিচমান সময় ০১০০টায়) ৫ হাজার ৮০০ মিটার (১৯,০০০ ফুট) উঁচুতে এ বরফ ধসের ঘটনা ঘটে। এলাকাটি ‘পপকর্ণ ফিল্ড’ হিসেবে পরিচিত। এটি বিপদসঙ্কুল খুম্বুতে যাওয়ার পথে অবস্থিত। পর্যটন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, পর্বতারোহীদের সকলেই নেপালি।