তিস্তা অভিমুখে আগামী ২২ এপ্রিলের লংমার্চে সরকার বাধা দিলে জনগণ প্রতিরোধ গড়ে তুলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি’র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। তিনি বলেছেন, বিএনপি’র লংমার্চ হবে শান্তিপূর্ণ। লংমার্চের কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করার জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। কিন্তু সরকার তাতে যদি বাধা দেয় তাহলে জনগণই এর সঠিক জবাব দেবে।
গতকাল নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন। রিজভী আহমেদ বলেন, বেলা’র নির্বাহী পরিচালক রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিককে যারা অপহরণ করেছিল তারাই বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম করেছে। তাদের দু’জনের অপহরণের ধরন একই রকম।
রুহুল কবীর বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে চোখের মণির মতো রক্ষা করতে হবে। আমরা আরো ত্যাগ স্বীকার করবো। হত্যা, গুম, ঘাতক ও চক্রান্তকারীদের প্রতিহত করা হবে।
২৩ এপ্রিল রংপুর থেকে বিএনপির লংমার্চ
রংপুর প্রতিনিধি জানান, তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে আগামি ২৩ এপ্রিল বিএনপির উদ্যোগে রংপুর থেকে তিস্তা ব্যারেজ অভিমুখে লংমার্চ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। লংমার্চে নেতৃত্ব দিবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ প্রায় ৩ লাখ মানুষ লংমার্চ কর্মসূচিতে অংশ নিতে পারেন বলে সংশ্লিষ্টরা আশা করছেন। রংপুর নগরীর রাজা রামমোহন মিলনায়তনে গতকাল শুক্রবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। সংবাদ সম্মেলনে বলা হয়, ২২ এপ্রিল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রংপুরে আসবেন। পরের দিন ২৩ এপ্রিল জেলা পাবলিক লাইব্রেরি মাঠে সমাবেশ করে রংপুর থেকে তিস্তা ব্যারেজ অভিমুখে লংমার্চ যাত্রা করবে। বিকালে ব্যারেজের কাছে হেলিপ্যাড প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হবে।
