বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মধ্যে গত কয়েকদিন ধরে বাগযুদ্ধ চললেও এবার মমতাকে আক্রমণ করলেন না মোদী। পরিবর্তে ভোটে জিতে ক্ষমতায় গেলে মমতার রাজ্যে কি কি উন্নয়ন করবেন তার একটা নাতিদীর্ঘ ফিরিস্তি দিয়েছেন কলকাতার আনন্দবাজার পত্রিকার সঙ্গে এক সাক্ষাত্কারে। মোদী বলেছেন, তিনি ক্ষমতায় গেলে পশ্চিমবঙ্গে শিল্পায়নের উপযুক্ত পরিবেশ তৈরী করবেন এবং সিঙ্গুর সমস্যার সমাধান করবেন।
মোদী বলেন, আমি আশা করি, রাজ্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নিকট থেকে আমি সব ধরনের সহযোগিতা পাব। আমি আরো আশা করি পশ্চিমবঙ্গের উন্নয়নের স্বার্থে মমতা ভোটব্যাংক রাজনীতি করবেন না। নিজের রাজ্য গুজরাটে প্রভূত উন্নয়ন হয়েছে দাবি করে বিজেপি নেতা বলেন, আমি উন্নয়নের ফর্মূলা গুজরাটের বাইরে প্রয়োগ করতে চাই। পশ্চিমবঙ্গও তা থেকে বঞ্চিত হবে না বলে তিনি মন্তব্য করেন। মমতা তার সম্পর্কে যতই নেতিবাচক কথা বলেন না কেন, তিনি মমতার সম্পর্কে খারাপ কিছু বলবেন না বলে উল্লেখ করেন। কারণ হিসেবে তিনি বলেন, আমার কাছে তর্কযুদ্ধের চেয়ে উন্নয়ন অগ্রাধিকার।
