বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, খুন ও গুমের অবস্থা এমন পর্যায়ে গেছে যে, দেখে মনে হয় দেশে গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন নেই। সরকারের উদ্দেশে প্রশ্ন রেখে তিনি বলেন, ইলিয়াস আলীকে উদ্ধার করা কী সরকার এবং রাষ্ট্রের দায়িত্ব না। নাকি শুধু বিরোধী দলীয় নেতাদের গ্রেফতার, নির্যাতন, গুম ও মিথ্যা মামলা দেয়াই তাদের দায়িত্ব। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের দুই বছর পার হলেও তাকে উদ্ধারে সরকারের তত্পরতা না থাকার প্রতিবাদে স্বাধীনতা ফোরাম আয়োজিত এক যুব সমাবেশে তিনি এ কথা বলেন।
ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেন, ‘র’ এর এজেন্ট এসে বাংলাদেশ থেকে একজনকে ধরে নিয়ে গেল। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন এ ব্যাপারে জানেন না তিনি। তা হলে কোন দেশে বাস করছি আমরা। এটা কি বাংলাদেশ না অন্য দেশ? দেশের স্বাধীনতা স্বার্বভৌমত্ব কোথায়?
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেন, গণঅভ্যুত্থানেই শেষ পর্যন্ত এই সরকারের পতন হবে।
স্বাধীনতা ফোরামের সভাপতি ও বিএনপি নেতা আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া প্রমুখ।
