জাতীয় রাজনীতিতে বিএনপির আর অস্তিত্ব নেই

আপডেট : ১৮ এপ্রিল ২০১৪, ২৩:১২
মুজিব নগর দিবস উপলক্ষে নিউইয়র্কে এক আলোচনা সভায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ হচ্ছে সরকারি দল। আর বিরোধী দল হচ্ছে জাতীয় পার্টি। জাতীয় রাজনীতিতে বিএনপির এখন অস্তিত্ব নেই। অতএব রাজনৈতিক কোনো আলোচনায় এখন বিএনপিকে টেনে না আনাই ভালো। স্থানীয় সময় শুক্রবার রাতে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে আয়োজিত এ আলোচনা সভার আয়োজন করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদের পরিচালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আকতার হোসেন, সৈয়দ বশারত আলী, নজমুল ইসলাম, লুত্ফুল কবীর, আবুল কাশেম, আব্দুস সামাদ আজাদ, আবুল মনসুর খান, মুজাহিদুল ইসলাম, আব্দুর রহিম বাদশা, চন্দন দত্ত, মোহাম্মদ আলী সিদ্দিকী, সোলায়মান আলী, সাখাওয়াত বিশ্বাস, কাজী আজিজুল হক খোকন, জুয়েল আহমদ, জাহাঙ্গীর এইচ মিয়া প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপি ভুল পথে রাজনীতি করায় এখন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ কারণে তারা ইতিহাস বিকৃতির রাজনীতিতে নাম লিখিয়েছে। তারা বলেন, বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের স ষ্টা। এই সত্যিকারের ইতিহাস বাঙালি জাতির হূদয়ে অঙ্কিত। বক্তারা আরো বলেন, বিএনপিকে ছাড়াই বাংলাদেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে। দেশে এখন কোনো সঙ্কট নেই। অথচ বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য যুদ্ধাপরাধীদের সঙ্গে নিয়ে সারা দেশে জ্বালাও-পোড়াওসহ ধ্বংসের রাজনীতিতে মেতে উঠেছিল। জনগণের স্বার্থবিরোধী রাজনীতি করার পেছনে তাদের মূল উদ্দেশ্য ছিল যুদ্ধাপরাধীদের বিচার প্রতিহত করা। কিন্তু তাতে শেষ রক্ষা হয়নি। তারা বলেন, বাংলাদেশের জনগণ আর সহিংস রাজনীতি চায় না। এ কারণে তারা বিএনপিকে চিরতরে প্রত্যাখ্যান করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি বাংলাদেশের মানুষের অবিচল আস্থা রয়েছে। আগামীতেও তা অব্যাহত থাকবে। বক্তারা দেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় অতীতের মত দেশে-প্রবাসে সবাইকে সজাগ দৃষ্টি রাখার উদাত্ত আহ্বান জানান।