শ্রীপুরে গ্যাস লাইনে বিস্ফোরণ

দগ্ধ একজনের মৃত্যু অবরোধ, ভাংচুর

আপডেট : ১৮ এপ্রিল ২০১৪, ২৩:১৩
শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ী বাজারে গ্যাস সরবরাহ লাইনের পাইপ ফেটে অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের মধ্যে আনোয়ার হোসেন (৪০) শুক্রবার ভোরে ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে মারা গেছেন। অপর আহত মোস্তফা জামান (৪২) ও নয়নের (২৮) শ্বাসনালী পুড়ে যাওয়ায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আনোয়ার হোসেনের মৃত্যুর সংবাদ মাষ্টারবাড়ী বাজার এলাকায় ছড়িয়ে পড়লে বাজার এলাকার সকল শ্রেণী- পেশার মানুষ সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। এসময় অবরোধকারীরা ইটপাটকেল নিক্ষেপ করে ১৫/২০টি যানবাহন ভাঙচুর করে। গাজীপুরের জেলা প্রশাসক ও শ্রীপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষতিগ্রস্তদের তালিকা করে আগামী তিনদিনের মধ্যে ক্ষতিপূরণের আশ্বাস দিলে অবরোধকারীরা অবরোধ তুলে নেয়। মাওনা হাইওয়ে থানার এসআই সাইফুল ইসলাম জানান, নিহত আনোয়ার হোসেন ঢাকা জেলার দোহার উপজেলার মৌরা গ্রামের আব্দুল আলী মাঝির ছেলে। তিনি মাস্টারবাড়ী বাজারের মিতা টেক্সটাইল মিলস্ লিমিটেডের ইলেক্ট্রিশিয়ান ও একইসাথে মাস্টারবাড়ী বাজারের বিউটি ফার্মেসীতে অবসর সময়ে পার্ট টাইম কাজ করতেন। গত বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সম্প্রসারণ কাজের সময় মাটি খননকালে গ্যাস লাইনের পাইপ ফেটে গিয়ে গ্যাস নির্গত হতে থাকে। পরে সেখান থেকে আগুন লেগে স্থানীয় হকার্স মার্কেটের ছোট বড় ১০৬টি দোকান, দুটি বাড়ি ও একটি মসজিদ সম্পূর্ণ পুড়ে যায়। মাওনা চৌরাস্তা আল হেরা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আবুল হোসেন জানান, ওই বাজারের বিউটি ফার্মেসীর মালিক পল্লী চিকিত্সক মোস্তফা জামানের শরীরের ৮০ শতাংশ, ক্ষুুদ্র ব্যবসায়ী নয়নের ৪০ শতাংশ পুড়ে গেছে। তারা ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে চিকিত্সাধীন রয়েছেন। তারা আগুন থেকে তাদের দোকানের মালামাল রক্ষা করার সময় অগ্নিদগ্ধ হন।