যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ঐক্যবদ্ধ

আপডেট : ১৮ এপ্রিল ২০১৪, ২৩:১৪
যুদ্ধাপরাধীদের বিচারের রায় ও পূর্ব ঘোষিত ছয় দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম গণজাগরণ মঞ্চ। গতকাল শুক্রবার নগরীর চেরাগী পাহাড় মোড়ে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে নেতৃবৃন্দ ও সংগঠকরা এ ঘোষণা দেন। বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে বক্তারা বলেন, সকল যুদ্ধাপরাধীর বিচার শেষ ও রায় কার্যকর না হওয়া পর্যন্ত চট্টগ্রাম গণজাগরণ মঞ্চের আন্দোলন অব্যাহত থাকবে। গণজাগরণ মঞ্চ নিয়ে কোনো ধরনের ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই। মঞ্চে বিভেদ তৈরির জন্য চক্রান্ত হচ্ছে। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। চট্টগ্রাম গণজাগরণ মঞ্চের সদস্য সচিব ডা. চন্দন দাশ বলেন, গণজাগরণ মঞ্চ মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে ঐক্যবদ্ধ। বিচার শেষ না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। সমাবেশে বক্তব্য রাখেন গণজাগরণ মঞ্চের সংগঠক আবৃত্তিশিল্পী রাশেদ হাসান, ছাত্র ইউনিয়নের সভাপতি রবিউল হোসেন, ছাত্র মৈত্রীর সভাপতি ফারুক আহমেদ রুবেল, ছাত্র ফ্রন্টের সভাপতি আল কাদেরী জয়। খেলাঘর, উদীচী, প্রমা ও সাম্প্রদায়িকতা বিরোধী তরুণ উদ্যোগসহ বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক সংগঠন সমাবেশের সঙ্গে সংহতি প্রকাশ করে। এসময় উপস্থিত ছিলেন গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সমন্বয়ক শরীফ চৌহান, যুবনেতা কায়সার আলম, সাম্প্রদায়িকতা বিরোধী তরুণ উদ্যোগের যুগ্ম আহ্বায়ক ইউসুফ সোহেল ও প্রিন্স রুবেল, শিক্ষিকা সালমা জাহান মিলি প্রমুখ।