মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশ হঠাত্ করে বেড়েছে। গত দুইদিনেই ৮১ জন মিয়ানমার নাগরিককে সীমান্ত দিয়ে ফেরত পাঠিয়েছে বিজিবি। গতকাল শুক্রবারই সর্বোচ্চসংখ্যক অনুপ্রবেশ হয়েছে।
বিজিবির কক্সবাজার ও টেকনাফ ব্যাটালিয়নের আওতাধীন প্রায় ৮০ কিলোমিটার সীমান্ত এলাকায় গতকাল দুপুর পর্যন্ত ৪৬ জন এবং গত বৃহস্পতিবার ৩৫ জন রোহিঙ্গাকে আটকের পর নিজদেশে ফেরত পাঠানো হয়।
টেকনাফের নাফ নদীতে গতকাল অভিযান চালিয়ে সাড়ে ১৯ হাজার ইয়াবাসহ ২৪ জন মিয়ানমার নাগরিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় ইয়াবা পাচারের সাথে জড়িত নারীসহ তিনজন মিয়ানমার নাগরিককে থানায় সোপর্দ করা হয়। বাকি ২১ জন মিয়ানমার নাগরিককে স্বদেশে ফেরত পাঠায়।
কক্সবাজারস্থ ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক জানান, গতকাল তার ব্যাটালিয়নের ঘুমধুম সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে ২৫ রোহিঙ্গাকে এবং আগেরদিন ১৮ জন মিয়ানমার নাগরিককে আটক করা হয়। পরে তাদের খাদ্য ও চিকিত্সা সেবা দিয়ে নিজ দেশে ফেরত পাঠানো হয়। অপরদিকে টেকনাফস্থ ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর মোঃ নাজমুস সাদাত সৌম্য জানান, গত বৃহস্পতিবার ১৭ জন মিয়ানমার নাগরিককে আটক করা হয়। পরে তাদের নিজদেশে ফেরত পাঠানো হয়।
