একাদশ ও দ্বাদশ
মো. মজিবুর রহমান, সহকারী অধ্যাপক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ
পিলখানা, ঢাকা।
প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। গত ক্লাসে তোমরা প্রথম অধ্যায় থেকে যে ধরনের প্রশ্ন হতে পারে সে প্রশ্নগুলো পেয়েছো। আজ আমরা এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব।
প্রশ্ন:গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম কি? বিশ্বগ্রামের ধারণা ব্যাখ্যা কর।
Global Village এর অর্থ হলো বৈশ্বিক গ্রাম বা বিশ্বায়ন। Marshall McLuhan তার বই The Gutenberg Galaxy: The Making of Typographic man (1962) and Understanding Media (1964) তে প্রথম বিশ্বগ্রামের ধারনা দেন। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে বিভিন্ন ভাষাভাষির মানুষ আছে। এখন প্রশ্ন হলো এতো বৈচিত্রের মধ্যে সমঝোতা বা বোঝাপড়া হবে কী করে। কারণ সবার ভাষা, খাদ্যাভ্যাস, মানসিকতা এক রকম নয়। সমস্যা হবে বৈকি। তবে সব কিছু যদি হয় ভার্চুয়াল তাহলে আর কোন সমস্যা থাকার কথা নয়। যেমন ধর বন্ধুত্ব, অভিজ্ঞতা, পড়াশুনা, অংশীদারিত্বমূলক চিন্তা-ভাবনা, সংস্কৃতি ইত্যাদি সবই হবে ভার্চুয়াল। এতে করে যে ব্যবধানগুলো কমে যাবে তা হলো অন্যের প্রতি অমূলক ভ্রান্ত ধারণা, অশ্রদ্ধাবোধ, প্রযুক্তিগত বিভাজন, অনগ্রসরতা ইত্যাদি। এর ফলে সারা পৃথিবীর সকল মানুষ হবে একই গ্রামের বাসিন্দার মত- এটাই মূলত বিশ্বগ্রামের ধারণা।
তবে বর্তমান সময়ে এর সংজ্ঞা ও পরিধি একটু ভিন্ন অর্থাত্ গ্লোবাল ভিলেজ বা বৈশ্বিক গ্রাম হলো Marshall McLuhan কর্তৃক উদ্ভাবিত একটি টার্ম যা সারা বিশ্বকে ইলেক্ট্রনিক যোগাযোগ মাধ্যমের সাথে সংযুক্ত করেছে। তার মতে “ ইলেকট্রনিক প্রযুক্তির মাধ্যমে সারা বিশ্বকে একটি গ্রামে পরিণত করাই হল বিশ্বগ্রাম। যার মাধ্যমে খুব সহজেই পৃথিবীর যে কোন প্রান্তের মানুষের সাথে মুহূর্তের মধ্যে যোগাযোগ করা সম্ভব। ” এখানে ইলেকট্রনিক প্রযুক্তি বলতে ইন্টারনেটকে বুঝানো হয়েছে। সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা জাতিগোষ্ঠীকে একটি ছাতার নিচে নিয়ে আসা হলো গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম। বিষয়টিকে আর একটু পরিষ্কার করা যেতে পারে যেমন ধর কোন একটি অঞ্চলের অথবা দেশের অধিবাসীরা যেমন নিজেদের মধ্যে ভাবের আদান প্রদানে নিবিড় বন্ধনে আবদ্ধ থাকে ঠিক তেমনি সারা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা জনগোষ্ঠী ইন্টারনেট কিংবা স্যাটেলাইট টেলিভিশন ইত্যাদির মাধ্যমে একটি একক সম্প্রদায় তথা যৌথ সমাজ হিসেবে আবদ্ধ হতে পারে। আর এটিই হলো গ্লোবাল ভিলেজ বা বৈশ্বিক গ্রাম।
বিশ্বগ্রাম প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় উপাদানসমূহ :-
১. হার্ডওয়্যার ২. সফটওয়্যার
৩. কানেকটিভিটি ৪. উপাত্ত ৫. সক্ষমতা
বিশ্বগ্রামের ধারণার সাথে সংশ্লিষ্ঠ অনেক উপাদানের মধ্যে উল্লেখযোগ্য হল :
১. যোগাযোগ ২.কর্মসংস্থান
৩.শিক্ষা ৪.চিকিত্সা ৫.ব্যবসা বাণিজ্য
৬.সামাজিক যোগাযোগ ইত্যাদি।
