শেয়ারবাজারের পিই রেশিও বেড়েছে

আপডেট : ১৯ এপ্রিল ২০১৪, ২০:৩৬
গেল সপ্তাহে লেনদেন হওয়া চার কার্যদিবসের মধ্যে দুই কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্য সূচক তুলনামূলক বেশি বাড়ায় বাজারের সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে। গত সপ্তাহে ডিএসইর সার্বিক পিই ছিল ১৬ দশমিক ৮৭ পয়েন্ট। এর আগের সপ্তাহে ডিএসইর সার্বিক পিই রেশিও ছিল ১৬ দশমিক ৮৬ পয়েন্ট। অর্থাত্ সপ্তাহশেষে পিই বেড়েছে ০.০১ পয়েন্ট। বাজার সংশ্লিষ্টরা বলছেন, বাজারে যখন পিই রেশিও বাড়তে থাকে তখন বিনিয়োগে ঝুঁকিও বাড়তে থাকে। তবে ডিএসই’র পিই রেশিও এখন অনেক বেশি হয়ে যায়নি। তাই বিনিয়োগ এখনও নিরাপদ। তবে কোম্পানির মৌলভিত্তি দেখে বিনিয়োগ করলেই সেটি লাভজনক হতে পারে। খাতভিত্তিক পিই রেশিও’র হিসাবে দেখা গেছে, সপ্তাহশেষে ব্যাংকিং খাতের পিই অবস্থান করছে ১০ দশমিক ৭, আর্থিক খাতের ২২ দশমিক ৩, প্রকৌশল খাতের ২২ দশমকি ১৫, খাদ্য ও আনুষঙ্গিক খাতের ৩১ দশমিক ৮৩, বিদ্যুত্ ও জ্বালানি খাতের ১২ দশমিক ৮৬, পাট খাতের ১৩৬ দশমিক ৬০, বস্ত্র খাতের ১৫ দশমিক ৯০, ওষুধ ও রসায়ন খাতের ২৩ দশমিক ৩২, সেবা ও আবাসন খাতের ৩০ দশমিক ৪৩, সিমেন্ট খাতের ২১ দশমিক ৯৪, তথ্যপ্রযুক্তি খাতের ২০ দশমিক ৭০, চামড়া খাতের ২০ দশমিক ৭০, সিরামিক খাতের ২৩ দশমিক ৪৯, বীমা খাতের ২৬ দশমিক ১, বিবিধ খাতের ২৭ দশমিক ৩৩, পেপার ও প্রকাশনা খাতের ১১৩ দশমিক ৯৩, টেলিকমিউনিকেশন্স খাতের ২৪ দশমিক ৬৮ এবং ভ্রমণ ও অবকাশ খাতের পিই অবস্থান করছে ১৭ দশমিক ৩৯-এ। সপ্তাহশেষে ক্যাটাগরিভিত্তিক পিই’র হিসাবে ‘এ’ ক্যাটাগরির কোম্পানিগুলোর পিই অবস্থান করছে ১৬ দশমিক ৭৮, ‘বি’ ক্যাটাগরির ঋণাত্মক ৯ দশমিক ১০, ‘জেড’ ক্যাটাগরির ৩৬ দশমিক ৩১ এবং ‘এন’ ক্যাটাগরির পিই অবস্থান করছে ২১ দশমিক ৭৬ তে। উল্লেখ্য, এখানে খাতভিত্তিক পিই হিসাব করা হয়েছে ‘জেড’ ক্যাটাগরি, ওটিসি শেয়ার এবং যেসব শেয়ার দীর্ঘদিন লেনদেন হয় না সেগুলো বাদ দিয়ে।