৮ মাসে রাজস্ব আদায় বেড়েছে সাড়ে ৮%

আপডেট : ১৯ এপ্রিল ২০১৪, ২০:৩৬
চলতি ২০১৩-১৪ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীনে রাজস্ব আদায় আগের অর্থবছরের একই সময়ের তুলনায় বেড়েছে ৮ দশমিক ৬৬ শতাংশ। আলোচ্য সময়ে ৬৮ হাজার ৪১৬ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে। পূর্বের ২০১২-১৩ অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে রাজস্ব আদায়ের পরিমান ছিল ৬২ হাজার ৮৯৫ কোটি টাকা। ওই সময়ে আদায়ে প্রবৃদ্ধির হার ছিল ১৫ শতাংশের বেশি। অর্থাত্ গত বছরের একই সময়ের তুলনায় আদায়ে প্রবৃদ্ধি প্রায় অর্ধেক কমে গেছে। এনবিআর প্রদত্ত হালনাগাদ পরিসংখ্যানে এ তথ্য পাওয়া গেছে। এদিকে চলতি অর্থবছরের শুরুর কয়েক মাসে রাজনৈতিক অস্থিরতাকে রাজস্ব আদায় কমে যাওয়ার জন্য দায়ী করা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলেও রাজস্ব আদায়ে গতি না বাড়ায় চিন্তিত খোদ এনবিআর। এসব পরিস্থিতি আঁচ করতে পেরে সমপ্রতি অর্থমন্ত্রণালয় রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রাও কমিয়ে আনে। চলতি অর্থবছরের শুরুতে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৩৬ হাজার ৯০ কোটি টাকা। পরবর্তীতে এই লক্ষ্যমাত্রা ১১ হাজার কোটি টাকা কমিয়ে ১ লাখ ২৫ হাজার কোটি টাকায় নামিয়ে আনা হয়। তবে সংশ্লিষ্টরা মনে করছেন, বছর শেষে এই লক্ষ্যমাত্রা অর্জনও এনবিআরের পক্ষে কঠিন হয়ে যাবে। কেননা অর্থবছরের অবশিষ্ট চার মাসে (মার্চ—জুন) আরো ৫৬ হাজার ৫৮৪ কোটি টাকা আদায় করতে হবে। বর্তমান ধারা অনুযায়ী তা অনেক কঠিন বলেই মনে করছেন রাজস্ব আদায়ের সঙ্গে সংশ্লিষ্ট এনবিআরের ঊর্দ্ধতন কর্মকর্তারা। পরিসংখ্যান অনুযায়ী, গত ফেব্রুয়ারি মাসে ৮ হাজার ৮৬৪ কোটি টাকা আদায় হয়েছে। আর লক্ষ্যমাত্রা অর্জনের জন্য পরবর্তী মাসগুলোতে প্রতি মাসে গড়ে ১৪ হাজার কোটি টাকার বেশি করে আদায় করতে হবে। গত আট মাসে শুল্ক খাতে আদায় হয়েছে ২০ হাজার ৮৬৩ কোটি টাকা। অন্যদিকে ভ্যাট ও আয়কর খাতে আদায় হয়েছে যথাক্রমে ২৬ হাজার ১৯৩ কোটি ও ২১ হাজার ২৮৮ কোটি টাকা। তবে এনবিআর প্রদত্ত পরিসংখ্যান বিগত আট মাসের কৌশলগত লক্ষ্যমাত্রা না দেয়ায় (অতীতের মাসগুলোতে দেয়া হতো) লক্ষ্যমাত্রার তুলনায় আদায়ে কী পরিমান ঘাটতি তা মূল্যায়ন করা সম্ভব হয় নি।