একেবারে নতুন রূপে নতুন গেটআপেই আসছেন ওমর সানী। গত ১৯ এপ্রিল সারাদিনই ছিলেন ডাবিং নিয়ে ব্যস্ত। এরই মাঝে বেশ কিছু ছবির কাজে হাত দিয়েছেন। সর্বশেষ দিলশাদুল হক শিমুলের ছবি ‘লিডার’-এর মাধ্যমে মৌসুমী-ওমর সানী জুটি আবারও নিয়মিত কাজ শুরু করছেন। মৌসুমীর সাথে আবারও জুটি বেঁধে কাজ শুরু করা প্রসঙ্গে খানিক মজা করেই বলেন, ‘আসলে সংসারের দীর্ঘসূত্রিতা হলে স্বামী-স্ত্রী নতুন করে প্রেমিক-প্রেমিকা হয়ে যান। ধরে নিন আমরাও তাই।’ এর ভেতরে দু-একটি নাটকে কাজ করার পর প্রায় প্রতিদিনই একাধিক নাট্য নির্মাতার ফোন আসছে সেল ফোনে। তবে ওমর সানীর ইচ্ছে একেবারেই ফিল্ম নিয়ে। নাটক নিয়ে তার কোনো ব্যস্ততা নেই। সানীর কথায়, ‘আমি অল্প কাজে বিশ্বাসী। আর মৌসুমীর সাথে আমার যে নতুন জুটি তৈরি হচ্ছে, এই দুজনার স্ক্রিন কেমিস্ট্রি দেখলে দর্শকেরা এমনিতে অবাক হয়ে যাবেন। তাদের ভালো লাগবে বলে আমার দৃঢ় বিশ্বাস।’
