দক্ষিণ কোরিয়ায় ফেরিডুবি
দক্ষিণ কোরিয়ায় গত বুধবার ডুবে যাওয়া যাত্রীবাহী ফেরির ক্যাপ্টেন লি জোন সেওককে গ্রেফতার করা হয়েছে। টেলিভিশন ফুটেজে দেখা গেছে, হতাহত যাত্রীদের পরিবারের সদস্যদের কাছে ক্ষমা চেয়েছেন ক্যাপ্টেন লি।
বার্তা সংস্থা ইয়োনহ্যাপ জানিয়েছে, ক্যাপ্টেন লি জোন সেওকের বিরুদ্ধে খামখেয়ালি, দায়িত্বে অবহেলা, জলসীমা আইন লংঘনসহ পাঁচ ধরনের অভিযোগ আনা হয়েছে। স্থানীয় একটি আদালত ক্যাপ্টেন ও তার দুই সহকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার পর তাকে গ্রেফতার করা হয়। ক্যাপ্টেন লি জন সেওককে পুলিশ জিজ্ঞাসাবাদের পর ফেরি দুর্ঘটনার জন্য ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে ক্ষমা চেয়েছেন। ৬৯ বছর বয়সী লি বলেন, আমি এ ঘটনার জন্য অত্যন্ত দুঃখিত এবং লজ্জিত! আমি জানি না আমার কী বলা উচিত! গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ শেষে শনিবার লি’কে গণমাধ্যমের সামনে হাজির করে পুলিশ। ফেরি খালি করতে দেরি করেছেন এমন অভিযোগের জবাবে লি বলেন, সঠিক বিবেচনা ছাড়া ফেরি থেকে তাদের নামানো হলে যাত্রীদের স্রোতের টানে হারিয়ে যাওয়ার আশঙ্কা ছিল।
জানা গেছে, ফেরিটি ডুবে যাওয়ার সময় ক্যাপ্টেনের পরিবর্তে দায়িত্বে ছিলেন একজন জুনিয়র কর্মকর্তা। লি বলেন, রুট অনুযায়ী চালানোর নির্দেশনা দিয়ে কিছু সময়ের জন্য আমার ঘরে গিয়েছিলাম, তখনই ঘটনাটি ঘটে। বিশেষজ্ঞদের দাবি ফেরিটি দ্রুতবেগে ঘোরানোর সময় এটি ডুবে যেতে পারে।
