যুক্তরাষ্ট্রে স্ত্রী হত্যার দায়ে ইরাকী অভিযুক্ত
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় পিটিয়ে স্ত্রী হত্যার দায়ে এক ইরাকী দোষী সাব্যস্ত হয়েছেন বৃহস্পতিবার মার্কিন বিচারক মণ্ডলী তাকে দোষী সাব্যস্ত করে। স্ত্রী শায়মা আবাদী (৩২) বিচ্ছেদ চাওয়ায় কাশেম আল হামিদি (৪৯) নামের এ ইরাকী তাকে পিটিয়ে হত্যা করে। ২০১২ সালের মার্চে এ হত্যাকাণ্ডের ঘটনায় আল হামিদি নিজেকে নির্দোষ দাবি করে বলেন, তিনি ঐ সময়ে সেখানে ছিলেন না। কিন্তু পর্যবেক্ষক ক্যামেরা ও প্রতিবেশীদের দেয়া তথ্য তার দাবিকে সমর্থন করে না। —এএফপি
গাগার বাগদান!
দুই বছর প্রেমের পর এবার প্রেমিকা লেডি গাগাকে বিয়ের প্রস্তাব দেয়ার কথা ভাবছেন অভিনেতা টেইলর কিনে। ব্যাং শোবিজ জানায়, প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেয়ার জন্য খুবই আগ্রহের সঙ্গে সঠিক সময়ের অপেক্ষা করছেন কিনে। তবে এখনও প্রেমিকার জন্য মনের মতো আংটি খুঁজে পাননি তিনি। ২৮ মার্চ ২৮ বছর বয়সে পা দিয়েছেন গাগা, মূলত সেই বিশেষ দিনেই প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিতে চেয়েছিরেন ৩২ বছর সয়সী কিনে। কিন্তু পছন্দ মতো কোন আংটি না পাওয়ায় তা আর হয়ে ওঠেনি। — রয়টার্স
ইরানি ভবন বিক্রি করবে যুক্তরাষ্ট্র
মার্কিন কৌঁসুলিরা বৃহস্পতিবার ম্যানহাটানে ইরানের মালিকানাধীন একটি বহুতল ভবন বিক্রির পরিকল্পনা প্রকাশ করেছেন। সন্ত্রাসবাদের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে জব্দ করা এই ভবনটি বিক্রয়লব্ধ অর্থ তেহরানের সঙ্গে সম্পৃক্ত আক্রমণে ক্ষতিগ্রস্ত পরিবারবর্গের মাঝে বিতরণ করা হবে। ৩৬ তলা ভবনটি নিউইয়র্কের প্রাণকেন্দ্রে অবস্থিত। তবে ভবনটি বিক্রির জন্য এখনো পর্যন্ত নির্দিষ্ট তারিখ ঠিক করা হয়নি। — এএফপি
চীনের এক পঞ্চমাংশ মাটি দূষিত
চীনের প্রায় এক-পঞ্চমাংশ মাটি শিল্পকারখানার বর্জ্যে দূষিত এবং তা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা বেশ দুরূহ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। দেশটির পরিবেশ সুরক্ষা মন্ত্রণালয় পরিচালিত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে এসেছে। — বিবিসি
