বিশ্বব্যাংকের অর্থায়নে এলজিইডির তত্ত্বাবধানে আইলাবিধ্বস্ত খুলনার কয়রা ও দাকোপ উপজেলায় ৮৪ কোটি টাকা ব্যয়ে ২৪টি সাইক্লোন সেল্টার নির্মাণের কাজে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ঠিকাদারী প্রতিষ্ঠান ভোলার মেসার্স খালেক কনস্ট্রাকশন কর্তৃক নির্মাণ কাজে ব্যবহূত রড, সিমেন্ট পাচার হচ্ছে। সম্প্রতি ৫নং কয়রা কাশিরখাল ধার সাইক্লোন সেল্টারের নির্মাণ কাজ পরিদর্শন করতে যান উপজেলা চেয়ারম্যান মাওলানা আখম তমিজউদ্দিন, ভাইস চেয়ারম্যান এ্যাড. শেখ আব্দুর রশিদ ও কয়রা সদর ইউপি চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম।
নির্মাণ কাজে বিপুল পরিমাণ মরিচা ধরানো পুরনো লোহার রড ব্যবহার হতে দেখে উপস্থিত জনপ্রতিনিধিরা উপজেলা এলজিইডির সহকারী প্রকৌশলী হাবিবুল্লা ও ঠিকাদারী প্রতিষ্ঠানের ম্যানেজার মোশাররফ হোসেনকে তা দ্রুত সরিয়ে ফেলতে নির্দেশ দেন। উল্লেখ্য, এ কাজের সহকারী প্রকৌশলী ঠিকাদার জাহাঙ্গীর মুন্সীর কাছ থেকে উেকাচের বিনিময়ে রাস্তার কাজের বিল করে দিবে বলে ১০ হাজার টাকা ঘুষ গ্রহণকালে ১৬ এপ্রিল দুপুরে নিজ অফিসে দুদকের কর্মকর্তাদের কাছে হাতেনাতে ধরা পড়ে জেল-হাজতে গেছেন।
বিশ্বব্যাংকের নিয়োগকৃত একজন প্রকৌশলী আ্ক্ষেপ করে বলেন, বিশ্বব্যাংক কর্তৃক নির্মাণ কাজ দেখা-শুনার জন্য আমাদেরকে নিয়োগ দেয়া হয়েছে কিন্তু উপজেলা এলজিইডি অফিসের কর্মকর্তারা তাদের কোন মূল্যায়নই করেন না। এমনকি কাজের সিডিউল পর্যন্ত ভালভাবে দেখতেও দেন না।
