সম্পত্তির লোভে পিতা-মাতাকে বাড়ি ছাড়া করলো দুই পুত্র

আপডেট : ১৯ এপ্রিল ২০১৪, ২১:০৫
নওগাঁর রাণীনগরে সম্পত্তির লোভে বৃদ্ধ বাবা-মাকে মারপিট করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। উল্টো বাবাসহ অন্যদের জড়িয়ে ডাকাতি ও মারপিট সংক্রান্ত মামলা করেছে আদালতে। এ ঘটনায় থানায় অভিযোগ করলেও পুলিশ কোন ব্যবস্থা না নেয়ায় গত দেড়মাস ধরে অন্যের বাড়িতে থেকে মানবেতর জীবন-যাপন করছেন বৃদ্ধ দম্পতি। ঘটনাটি ঘটেছে উপজেলার গুয়াতা গ্রামে। ওই গ্রামের আব্দুল খালেক ওরফে বুলু (৫৮) তার স্ত্রী বেলী বেগমসহ ছোট ছেলে রুবেল হোসেনকে (২০) নিয়ে বসবাস করতেন। দেড়মাস আগে ঝগড়া-বিবাদের জের ধরে দুই ছেলে উজ্জল হোসেন ও ফিরোজ হোসেন সরদার বাবা-মা ও তাদের ছোটভাই রুবেলকে মারপিট করে রাতের আঁধারে বাড়ি থেকে বের করে দেয়। ছেলেদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বৃদ্ধ দম্পতি। পুলিশ ছেলে উজ্জল হোসেনকে আটক করে থানায় রাখলেও পরেরদিন তাকে ছেড়ে দেয়। এ ব্যাপারে ছেলে উজ্জল হোসেন জানান, বাড়িতে বাবা-মার কোন জায়গা নেই। আমার দাদা আমাদেরকে জায়গা লিখে দিয়ে গেছে। আর ছোটভাই রুবেলের জায়গা থাকলেও তা আছে প্রতিবেশীদের দখলে। এ ব্যাপারে বৃদ্ধ বুলু দাবি করে বলেন- ওই বাড়ির ভেতরে তার বাবা ৩ নাতিকে সম্পত্তি লিখে দেবার পরও কয়েক শতক জায়গা তার রয়েছে। এরপরেও তার ছেলেরা বাড়ি থেকে মারপিট করে তাড়িয়ে দিয়েছে। রাণীনগর থানার ওসি আব্দুল্লাহ আল-মাসউদ চৌধুরী জানান, বাবা-মাকে বাড়ি তুলে নেয়ার শর্তে উজ্জলকে ছেড়ে দেয়া হয়। কিন্তু তা না করে উল্টো বাবাসহ অন্যদের জড়িয়ে ডাকাতি ও মারপিট সংক্রান্ত মামলা করেছে আদালতে। দ্রুত এই ঘটনার তদন্ত করে বাবা-মাকে বাড়িতে উঠানোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।