বেলাবতে প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি নিয়োগে অনিয়ম

আপডেট : ১৯ এপ্রিল ২০১৪, ২১:০৭
জেলার বেলাব উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে চুক্তিভিত্তিক দপ্তরি নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। আর এসব অভিযোগ দায়ের করেছেন এলাকার লোকজন। অভিযোগ প্রধান শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে বয়সসহ অন্য নিয়মনীতি উপেক্ষা করে চন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কবির হোসেন, মোগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আল আমিন, দিঘলদী কান্দা বিদ্যালয়ের কাউছার মিয়া ও বিন্নাবাইদ টেকপাড়া বিদ্যালয়ে নবী হোসেনকে নিয়োগ দেয়া হয়েছে। অনেকক্ষেত্রে বয়স বেশি হলেও জাল সনদপত্র ব্যবহার করা হয়েছে। কোন কোন বিদ্যালয়ে প্রার্থী বাছাই পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারীকে বাদ দিয়ে ৩য় স্থান পাওয়া প্রার্থীকে নিয়োগ দেয়া হয়েছে। বিদ্যালয় কমিটির এসব অনিয়মে ক্ষুব্ধ হয়ে পৃথকভাবে নরসিংদী জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দফতরে অভিযোগ করা হয়েছে।