গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাসের বিরুদ্ধে সরকারি গাড়ি আত্মসাতের অভিযোগ উঠেছে। বিমল কৃষ্ণ বিশ্বাস নির্বাচিত হবার পরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে একটি জীপ গাড়ি উত্তোলন করেন।
বিমল কৃষ্ণ বিশ্বাসের উত্তোলনকৃত নতুন পাজারো গাড়িটি গত ৮ এপ্রিল থেকে বর্তমান উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার ব্যবহার করছেন। পুরাতন গাড়িটি ফেরত না দেবার জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (প্রশাসন) মীর ইলিয়াস মোরশেদ গত ১৭ এপ্রিল বিমল কৃষ্ণ বিশ্বাসকে একটি পত্র প্রেরণ করেছেন।
পত্রে তিনি জরুরি ভিত্তিতে এমক-১০৯ জীব গাড়িটি এলজিইডি সদর দপ্তরে ফেরত দেবার জন্য অনুরোধ করেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিকাইলের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, নিয়ম অনুযায়ী উপজেলা চেয়ারম্যানদের গাড়ির তেল আমার দপ্তর থেকে ইস্যু করা হয়। কিন্তু জীপ-এমক-১০৯ গাড়িটির জন্য আমার দপ্তর থেকে এক ছটাক তেলও ইস্যু করা হয়নি। সাবেক উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস বলেন, নিয়মমাফিক পূর্বের গাড়িটি জমা দিয়ে আমি পরের গাড়িটি উত্তোলন করেছি।
