নীলফামারী সৈয়দপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী উপজেলা শিক্ষা অফিসারের বিরুদ্ধে শিক্ষক হয়রানি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ রয়েছে। প্রতিকার চেয়ে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার বরাবরে দরখাস্ত দিয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।
তবে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার তার বিরুদ্ধে আনীত অভিযোগ সাজানো ও মিথ্যে বলে অভিযোগকারী শিক্ষকের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করে বলেছেন, সরকারি বিধি মোতাবেক দাপ্তরিক কাজ করতে গিয়ে তাদের স্বার্থে ব্যাঘাত ঘটায় অভিযোগকারীদের একজন মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাণনাশের হুমকি দেয়। এজন্য সৈয়দপুর থানায় একটি জিডি করা হয়। আর এ ঘটনা ভিন্নখাতে প্রবাহের জন্য তার বিরুদ্ধে সাজানো এ অভিযোগ দায়ের করা হয়।
সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান সৈয়দপুরে যোগদানের পর থেকে ক্ষমতার অপব্যবহার করে শিক্ষকদের হয়রানি করছেন। অনৈতিকভাবে শোকজ ও বিভাগীয় মামলা দিচ্ছেন তাদের বিরুদ্ধে। এছাড়া অনেক শিক্ষকের কাছ থেকে ২ মাসের বেতন পর্যন্ত ঘুষ হিসেবে দাবি করছেন। উেকাচ না দিলে ওই শিক্ষা অফিসার ক্ষমতার অপব্যবহার করে হেনস্থা করছেন শিক্ষকদের। এতে করে স্কুলগুলোতে হয়রানির আতংকে শিক্ষকরা বেসামাল হয়ে পড়েছেন ।
