পৃথক দুর্ঘটনায় নিহত ১৪

আপডেট : ১৯ এপ্রিল ২০১৪, ২১:০৯
দেশের বিভিন্ন স্থানে গত দুই দিনে সড়ক দুর্ঘটনাসহ পৃথক ঘটনায় ১৪ জন নিহত হওয়ার খবর পাঠিয়েছেন দৈনিক ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। তালায় মায়ের কবর জিয়ারত করতে গিয়ে পুত্রের মৃত্যু সাতক্ষীরার তালা উপজেলার শিরাশুনী গ্রামে গত শুক্রবার সকালে মায়ের কবর জিয়ারত করতে যাওয়ার পথে ইনছার আলী সরদার (২৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। এ সময় পিতা মোমিন উদ্দীন সরদারও আহত হন। নিহতের স্বজনরা জানান, ২০১১ সালের বন্যায় ১৮ এপ্রিল ইনছারের মা মারা যান। কিন্তু সে সময় এলাকা পানিতে প্লাবিত হওয়ায় তার মামার বাড়ি কেশবপুর উপজেলার হিজেলডাঙ্গা গ্রামে তাকে দাফন করা হয়। গত শুক্রবার মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে হিজেলডাঙ্গা যাওয়ার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ইনছার আলী মারা যান ও তার পিতা আহত হন। নিহত ইনছার আলী খুলনা বিএল কলেজ থেকে চলতি বছর মাস্টার্স পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সেখানে থেকে প্রাইভেট পড়াতো। গোদাগাড়ীতে নিহত ২ রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গোদাগাড়ী উপজেলার শাব্দিপুর এলাকায় গত শুক্রবার সকালে ট্রাক ও প্রথম আলো পত্রিকা বহনকারী পিকআপের সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় প্রথম আলো বহনকারী পিকআপের চালকের সহকারীও আহত হন। নিহতরা হলেন, প্রথম আলো পত্রিকা বহনকারী পিকআপের চালক ও সিরাজগঞ্জের বাসিন্দা শহিদুল ইসলাম (৩৫) এবং প্রথম আলো পত্রিকার লাইনম্যান ও একই এলাকার বাসিন্দা ফারহাদ (৩০)। আহত চালকের সহকারী জাফর ইকবাল রাজশাহীর বাসিন্দা। আহত জাফর ইকবালকে গোদাগাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্রীনগরে দুইজন নিহত মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ভূইছিদ্র এলাকায় গত শুক্রবার তরমুজ বোঝাই ট্রাক ও সিনজি অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন। নিহতরা হলেন, হাবিবুর রহমান (৪৪) ও নেছারউদ্দিন (৩৫)। আহতরা হলেন, অটোরিকশার যাত্রী সাইদুর, হান্নান, রাজা ও নাজির। আহতদের ঢাকা মিডফোর্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাড়াইলে বজ্রপাতে নিহত ২ কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদরের পাইকপাড়া গ্রামে বজ্রপাতে আহত ফারুক মিয়া (৩২) ও আব্দুর রশিদ (৩৭) নামে দুই ব্যক্তিকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাদেরকে মৃত বলে জানান। পারিবারিক সূত্রে জানা গেছে, পাইকপাড়া গ্রামের কাঞ্চন নিজের বোরো ফসল উঠানোর জন্য ফারুক মিয়া, আবদুর রশিদ ও আজিজুল গোলায় ধান উঠানোর সময় বজ্রপাতে গুরুতর আহত হন। আহত আজিজুলকে প্রথমে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ও পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নিয়ে যাওয়া হয়। আহত কাঞ্চন কিশোরগঞ্জ জেলা হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। হবিগঞ্জে ২ জনের মৃত্যু হবিগঞ্জে পৃথক ঘটনায় দুই দিনে দুইজন মারা গেছে। গত শুক্রবার আজমিরীগঞ্জ উপজেলার হরিপুর গ্রামে অঞ্জনা রানী দাস (১৮) নামে এক যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একই দিন হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিত্সাধীন অজ্ঞাত পরিচয় মহিলাকে (৩০) সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরের পথে সে মারা যায়। গত ৫ দিন পূর্বে চুনারুঘাট-সাতছড়ি সড়কের পাশ থেকে অচেতন অবস্থায় এই মহিলাকে উদ্ধার করে চিকিত্সার জন্য হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। বাঘায় পদ্মায় ডুবে ছাত্রের মৃত্যু রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর এলাকায় গত শুক্রবার দুপুরে পদ্মায় গোসল করতে গিয়ে মনির হোসেন নামে এক স্কুল ছাত্র মারা গেছে। সে আলাইপুর নাপিতপাড়া এলাকার রয়েজ উদ্দীনের ছেলে। নগরকান্দায় শিশু নিহত ঢাকা-খুলনা বিশ্বরোডে ফরিদপুরের নগরকান্দা উপজেলার দক্ষিণকান্দী বাসস্ট্যান্ডে গতকাল শনিবার দুপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে লিলি (৭) নামে এক শিশু মারা গেছেন। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি শাহরিয়ার কবির জানান, নগরকান্দা থানার দক্ষিণকান্দি গ্রামের ফিরোজ সেকের মেয়ে লিলি রাস্তা পারাপারের সময় বাস চাপায় ঘটনাস্থলেই মারা যায়। সুজানগরে স্কুল ছাত্র নিহত পাবনার সুজানগর-চিনাখড়া সড়কের কামারদুলিয়া এলাকায় গত শুক্রবার বিকালে ভটভটির চাপায় অন্তর হোসেন (১০) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। সে কামারদুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র। এ ব্যাপারে সুজানগর থানায় একটি মামলা হয়েছে। গোবিন্দগঞ্জে ল্যাবরেটরি টেকনিশিয়ান নিহত গাইবান্ধার গোবিন্দগঞ্জে গতকাল শনিবার বিকালে কোচের চাকায় পিষ্ট হয়ে আব্দুল কাদের নামে এক ব্যক্তি মারা গেছেন। হাইওয়ে পুলিশ জানান, ঢাকা-রংপুর মহাসড়কের তালতলায় রাস্তা পারাপারের সময় বাস চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। কাদের সড়ক মেরামত কাজে নিয়োজিত তৃর্ণা এন্টারপ্রাইজের ল্যাবরেটরি টেকনিশিয়ান ও ঝিনাইদহ জেলার শৈলকুপার কচুয়া গ্রামের নূর মোহাম্মদ শেখের পুত্র। ঘিওরে ছাত্রীর লাশ উদ্ধার মানিকগঞ্জের ঘিওরে গত শুক্রবার দারিদ্র্যতার কারণে চিকিত্সা করাতে না পারায় অভিমান করে আত্মহত্যা করেছে রিমি আক্তার (১৩) নামে এক স্কুল ছাত্রী। সে জাবরা শহীদ স্মরণিকা উচ্চ বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। সে কয়েক মাস যাবত্ মাথা ব্যথা ও পেটের রোগে ভুগছিল। মাঝে মাঝে খুব অসুস্থ হয়ে পড়লে সে আত্মহত্যা করবে বলে জানাতো। রাতে রিমি আম গাছের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।