দেশের বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় গত দুইদিনে আটজন খুন হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।
বিরামপুরে বৃদ্ধের মৃত্যু
দিনাজপুরের বিরামপুর উপজেলার গংগাদাশপুর গ্রামে গত শুক্রবার বিক্রম (৬৫) নামে এক ফেরিওয়ালার দুর্বৃত্তের হামলার ঘটনায় মারা গেছেন। পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তের হামলায় সংজ্ঞা হারিয়ে ফেলেন। পর দিন শুক্রবার বিরামপুরে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।
সিরাজদিখানে লাশ উদ্ধার
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার সিঙ্গারটের এলাকায় গতকাল শনিবার তোতা মিয়া (১৮) নামে এক ব্যক্তির ছুরিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
সিরাজদিখান থানার এস আই মো. ইলিয়াস জানান, নিহত যুবকের বাড়ি জামালপুর জেলায়। সে উপজেলার তাজপুর গ্রামে ভাড়া থেকে অটোরিকশা চালাতেন।
যশোরে যুবক খুন
যশোর শহরের সিটি কলেজ পাড়ায় তুচ্ছ ঘটনায় গত শুক্রবার রাতে ছুরিকাঘাতে ইসলাম (২০) নামে এক ব্যক্তি মারা যান। এ সময় অভি নামে আরো এক যুবক আহত হন।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি এমদাদুল হক জানান, সিটি কলেজ পাড়া এলাকায় ‘সপ্তসুর’ নামে একটি সংগঠনের বৈশাখী অনুষ্ঠান চলছিল। ওই অনুষ্ঠানে ইসলামের সাথে হাফিজুর নামে এক যুবকের তর্কাতর্কি হয়। এ নিয়ে বিরোধে হাফিজুর ও তার কয়েকজন সহযোগী ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দামুড়হুদায় এক ব্যক্তি খুন
চুয়াডাঙ্গার দামুড়হুদার জয়রামপুরে গত শুক্রবার আমজাদ হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে নিজ বাড়িতেই কুপিয়ে খুন করেছে সন্ত্রাসীরা। পুলিশ জানায়, আমজাদ হোসেন দীর্ঘদিন ধরে শ্বশুর বাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করে আসছেন। রাতে একদল অস্ত্রধারী সন্ত্রাসী তার বাড়িতে কুপিয়ে খুন করে পালিয়ে যায়। নিহতের ছেলে শরীফ উদ্দিন জানান, তার বোনের পারিবারিক কলহের জের ধরে তার বাবা খুন হতে পারে। দামুড়হুদা মডেল থানার ওসি শিকদার মশিউর রহমান জানান, কি কারণে কারা খুন করেছে এক্ষুণি তা বলা যাচ্ছে না। খুনের ঘটনাটি পুলিশ তদন্ত করছে।
ডিমলায় স্কুল ছাত্রী খুন
নীলফামারীর ডিমলায় গতকাল শনিবার মিনি আক্তার (১২) নামে এক স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির পর শ্বাসরোধে হত্যা করেছে এক পাষণ্ড। সে সুন্দরখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী ও নিজ সুন্দরখাতা গ্রামের মৃত আব্বাস আলীর কন্যা। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একই গ্রামের রিপন নামে এক ব্যক্তিকে আটক করেছে।
দুই যুবকের লাশ উদ্ধার
যশোরের বাঘারপাড়ার পৃথক স্থান থেকে গত শুক্রবার দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এরা হলেন, বাঘারপাড়া উপজেলার মাহমুদ আলীপুর গ্রামের জামাল মোল্লার ছেলে মাসুদ রানা (১৮) এবং অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি (৩২)। বাঘারপাড়া থানার ওসি জানান, উপজেলার মাহমুদ আলীপুর গ্রামের একটি গাছের সাথে ওড়না দিয়ে লাশ ঝুলানো ছিল। গ্রামের একটি মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। এদিকে, উপজেলার দোহাকুলা গ্রামের মাঠ থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। দুর্বৃত্তরা কয়েকদিন আগে তাকে হত্যা করে লাশ ফেলে রাখে বলে ধারণা করা হচ্ছে।
গফরগাঁওয়ে গৃহবধূকে হত্যা
ময়মনসিংহের গফরগাঁওয়ে যৌতুকের দাবিতে গত শুক্রবার দুপুরে লাকী আক্তার (২৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে স্বামী শাহজাহান ও শ্বশুর বাড়ির লোকজন। এ ঘটনায় পুলিশ গৃহবধূর শাশুরী ফজিলা খাতুনকে আটক করেছে।
