অপহূত ২ চাকমাকে উদ্ধার করেছে সেনাবাহিনী

আপডেট : ১৯ এপ্রিল ২০১৪, ২১:১০
খাগড়াছড়ির মহালছড়িতে সেনাবাহিনী অভিযান চালিয়ে সঙ্গীত শিল্পী সৌরভ চাকমা ও নবজিত্ চাকমাকে শুক্রবার রাতে রাঙ্গামাটি-খাগড়াছড়ি জেলার সীমান্তবর্তী ক্যাঙ্গলছড়ি এলাকা থেকে উদ্ধার করেছে সেনাবাহিনী। ১৪ এপ্রিল তারা অপহূত হওয়ার পর সেনাবাহিনীর সদস্যরা তাদের উদ্ধারে অভিযানে নামে। তারা কেঙ্গলছড়ি, হেডম্যান পাড়াসহ পাহাড়ের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অভিযান চালায়। শুক্রবার রাতে মহালছড়ি জোনের সেনাবাহিনীর একটি দল কেঙ্গলছড়ি এলাকায় গিয়ে পৌঁছলে অপহরণকারী এলাকায় সেনা তত্পরতা দেখে অপহূতদের ছেড়ে পালিয়ে যায়। এ সময় সেনা সদস্যরা তাদের উদ্ধার করে খাগড়াছড়ি নিয়ে যায়। অপহূত সৌরভ চাকমা ও নবজিত্ চাকমা সুস্থ আছেন বলে জানা গেছে। কে বা কারা অপহরণ করেছে সঠিকভাবে এখনো জানা যায়নি। উল্লেখ্য, গত ১৪ এপ্রিল পার্বত্য চট্টগ্রামের জনপ্রিয় সংগীত শিল্পী সৌরভ চাকমা (টিনটিন) ও তার বন্ধু নবজিত্ চাকমা (রিকি) চৈত্র সংক্রান্তি উত্সব ‘বিঝু’তে যোগদান শেষে খাগড়াছড়ি থেকে রাঙ্গামাটি ফেরার পথে রাঙ্গামাটি-খাগড়াছড়ি সীমান্তবর্তী কেঙ্গলছড়ি নামক এলাকা থেকে ৭/৮ জনের অস্ত্রধারী সন্ত্রাসীরা অপহরণ করে। অপহূত সৌরভ চাকমা ব্রিগেডিয়ার জেনারেল তুষার কান্তি চাকমার জামাতা।