বেসরকারি শিক্ষকদের নববর্ষ

আপডেট : ১৯ এপ্রিল ২০১৪, ২১:২১
প্রতি বছরের মতো এবারও বাংলা বর্ষবরণের আনন্দ-উত্সব ‘নববর্ষ’ উদযাপিত হয়েছে। কিন্তু এ উত্সব বেসরকারি শিক্ষকদের আনন্দ না দিয়ে শুধু বেদনাই বাড়িয়েছে। কারণ বেসরকারি শিক্ষকদের মার্চ ২০১৪-এর বেতনভাতা দেওয়া হবে ২০ এপ্রিল বা তারও পরে। ‘নববর্ষ’ উত্সবে নতুন পোশাক-ইলিশ কেনা তো দূরের কথা, বর্ষবরণের পান্তাভাতের কাঁচা মরিচ কেনার পয়সাও ছিল না বেসরকারি শিক্ষকদের হাতে। এছাড়া গ্রামেগঞ্জে বৈশাখী মেলা বসে। স্বভাবতই বেসরকারি শিক্ষকদের সন্তানরাও মেলা থেকে খেলনাসহ মুখরোচক খাবার কেনার বায়না ধরেছে। তখন সন্তানদের দিকে তাকিয়ে অসহায়ত্ব প্রকাশ করা ছাড়া বেসরকারি শিক্ষকদের আর কী করার ছিল? একই অবস্থা বাবা-মা বা আত্মীয়স্বজনের চাহিদা পূরণ করতে। নববর্ষে প্রিয়জনকে উপহার দিতে না পেরে শিক্ষকদের উত্সব ফিকে হয়ে গেছে। অধিকন্তু নন এমপিও শিক্ষকদের বর্ষবরণ হয়েছে করুণ আর্তনাদে। অথচ নববর্ষের আগেই বেতনভাতা পেলে বেসরকারি শিক্ষকগণ সম্পৃক্ত হতে পারতেন নববর্ষের এ আনন্দ-উত্সবে। মো. আবদুস সবুর, শিক্ষক, কামারখন্দ মহিলা ডিগ্রি কলেজ, কামারখন্দ, সিরাজগঞ্জ