মর্যাদা রক্ষা না হলে মানবাধিকারও রক্ষিত হয় না

আপডেট : ১৯ এপ্রিল ২০১৪, ২১:২৪
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক এডভোকেট সুলতানা কামাল বলেছেন, অধিকারের সাথে মর্যাদা রক্ষা না হলে মানবাধিকারও রক্ষিত হয় না। অধিকার ও ত্রাণ এক জিনিস নয়। কেবল ৩ শত টাকা বিধবা বা বয়স্ক ভাতা দিয়ে সামাজিক নিরাপত্তা হয় না। প্রতিটি মানবাধিকার কর্মীকে আগে ঠিক করতে হবে তিনি কি চান। নেত্রকোনা জেলা মানবাধিকার ফোরামের উদ্যোগে শনিবার সার্কিট হাউজে নেত্রকোনার মানবাধিকার পরিস্থিতি ২০১৩ পর্যালোচনা স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুলতানা কামাল এসব কথা বলেন। নেত্রকোনা জেলা মানবাধিকার ফোরামের আহ্বায়ক এডভোকেট নজরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোঃ জাকির হোসেন খান, স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক বেগম রোকেয়া, মুক্তিযোদ্ধা শামসুজ্জোহা, আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট শাহনেওয়াজ ফকির, জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি শ্যামলেন্দু পাল, সম্পাদক এম মুখলেছুর রহমান খান এবং আইন ও সালিশ কেন্দ্রের তৌফিক আল মান্নান।