লক্ষ্মীছড়িতে চোরাগোপ্তা হামলায় জেএসএম কর্মী নিহত

আপডেট : ১৯ এপ্রিল ২০১৪, ২২:২৯
আধিপত্য বিস্তারকে কেন্দ করে গতকাল শনিবার সকালে জেলার লক্ষ্মীছড়ি উপজেলা সদরের দুর্গাছড়ি এলাকায় চোরাগোপ্তা হামলায় জয় কুমার চাকমা (৪৫) নামে এক জেএসএস কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় কল্পনা রানী চাকমা (১৫) নামে এক স্কুলছাত্রী গুরুতর আহত হয়েছে। খবর পেয়ে সেনা ও পুলিশ হতাহতদের উদ্ধার করে লক্ষ্মীছড়ি হাসপাতালে নিয়ে যায়। নিরাপত্তা বাহিনীর সূত্রগুলো জানান, ঘটনার পর সেনাবাহিনী ও পুলিশ অভিযান চালিয়ে উক্ত এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, একটি পাইপগানসহ ৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে। তাছাড়া ৩১ রাউন্ড গুলির খোসা এবং মঙ্গল কুমার চাকমা নামের এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। এদিকে গুরুতর আহত লক্ষ্মীছড়ি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী কল্পনাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহার মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ করে এ খুনের ঘটনা ঘটেছে। এদিকে জেএসএস (সন্তু) গ্রুপের লক্ষ্মীছড়ি উপজেলা শাখার সভাপতি জ্যোতিশ চাকমা এ ঘটনার জন্য ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সন্ত্রাসীদের দায়ী করে জানান, নিহত ব্যক্তি একজন সাধারণ ব্যবসায়ী। তবে ইউপিডিএফ গণমাধ্যম শাখার প্রধান নিরন চাকমা এ ঘটনার সাথে তাদের সংশ্লি¬ষ্টতা অস্বীকার করেছেন।