রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার দুর্গম ডলুছড়িতে মারমা সমপ্রদায়ের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে গতকাল অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী সাংগ্রাই জল উত্সব। এ উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন খেলাধুলা, পুরস্কার বিতরণ ও সুধী সমাবেশের আয়োজন করা হয়। কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন প্রধান অতিথি থেকে সাংগ্রাই জল উত্সব অনুষ্ঠানের উদ্বোধন করেন। ৩২২ নং নারানগিরি মৌজার হেডম্যান সুইচা প্রু মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তনচংগ্যা, মহিলা ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম, রাইখালী ইউনিয়নের চেয়ারম্যান অংশি মারমা ও প্রাক্তন চেয়ারম্যান মংক্য মারমা। স্বাগত বক্তব্য রাখেন সাংগ্রাই জল উত্সব উদযাপন কমিটির আহবায়ক উনু মং মারমা।
অনুষ্ঠান উদ্বোধনের পর মারমা তরুণ-তরুণীরা একে অপরের গায়ে পানি ছিটিয়ে আনন্দ উত্সব করেন। পরে অনুষ্ঠিত হয় মহিলাদের আকর্ষণীয় রশি টানাটানি ও পুরুষদের তৈলাক্ত বাঁশের উপরে উঠে উপহার সংগ্রহ প্রতিযোগিতা। একই সাথে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিপুল সংখ্যক শিল্পীর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল প্রাণবন্ত। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠান চলে। অনুষ্ঠানে সহস্রাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
