পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেছেন, পদ্মাসেতু নির্মাণে অর্থের আর কোন সমস্যা নেই। তাই স্বপ্ন এখন বাস্তব হতে চলেছে। আগামী সাড়ে ৩ বছরে স্বপ্নের জায়গাটি আমরা স্পর্শ করতে পারবো। সেই লক্ষ্যে সব কর্মকাণ্ড চলছে। যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, চলতি বছরে মূল পদ্মা সেতুর কাজ দৃশ্যমান হবে। এই লক্ষ্যে শিঘ্রই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে ওয়ার্ক অর্ডার দেয়া হবে।
শনিবার মুন্সীগঞ্জের মাওয়া পদ্মাসেতু এলাকা পরিদর্শনকালে তারা সাংবাদিকদের এ কথা বলেন । এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী নূর হোসেন, লৌহজং উপজেলা চেয়ারম্যান ওসমান গনি তালুকদার, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশীদ শিকদারসহ পদ্মাসেতু বিভাগের কর্মকর্তাবৃন্দ ।
পরিকল্পনামন্ত্রী বলেন, ইতোমধ্যে ২ হাজার ৪২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যা আগামী জুন মাসের মধ্যেই খরচ করা হবে। পদ্মা সেতু বাস্তবায়নে ৫টি প্যাকেজ হাতে নেয়া হয়েছে। প্রথমটি জাজিরা এ্যাপ্রোচ, ২য়টি মাওয়া এ্যাপ্রোচ রোড, ৩য়টি থাকার জন্য বাসস্থান, ৪র্থটি মেইন সেতু ও ৫মটি নদী শাসন। পরে মন্ত্রীদ্বয় পদ্মা পাড় হয়ে মাদারীপুরের কাওড়াকান্দিতে পদ্মার সেতুর এলাকা পরিদর্শন করে এক সভায় মিলিত হন।
