আজ বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ-এর ৪৩তম শাহাদাত্ বার্ষিকী। ১৯৭১ সালের এই দিনে মহান স্বাধীনতা যুদ্ধে পাক হানাদারদের সাথে সম্মুখ সমরে তিনি রাঙ্গামাটি জেলার নানিয়ারচর থানার বুড়িঘাট নামক স্থানে শহীদ হন। তার শাহাদাত্ বার্ষিকী উপলক্ষে আজ ফরিদপুর জেলার মধুখালী উপজেলাধীন আড়পাড়া গ্রামে পারিবারিক উদ্যোগে ভোর ৬টায় জাতীয় পতাকা উত্তোলন, সাড়ে ৬টায় কোরআন খানি এবং সাড়ে ১২টায় আলোচনা সভা, বাদ যোহর মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
পিতা মুন্সী মেহেদী হাসান, মাতা মকিদুননেছার একমাত্র পুত্র সন্তান মুন্সী আব্দুর রউফ ১৯৪৩ সালের মে মাসে মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের রউফ নগর (সালামাতপুর) গ্রামে জন্মগ্রহণ করেন। ১১ বছর বয়সে তাঁর পিতৃবিয়োগ ঘটে। এর পর আর্থিক অনটনের কারণে লেখাপড়া সম্ভব না হওয়ায় তিনি তত্কালীন ইপিআর-এ ১৯৬৩ সালের ৮ মে সৈনিক পদে যোগ দেন।
শহীদ হবার দীর্ঘ ২৫ বছর পর ১৯৯৬ সালে বুড়িঘাট নিবাসী জ্যোতিষ চন্দ্র চাকমা ও দয়াল কৃঞ্চ চাকমার সহায়তায় বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ-এর কবরের স্থান সনাক্ত করা হয়। ১৯৯৭ সালে সেখানে একটি স্মৃতি সৌধ নির্মাণ করা হয়।
