১০ জুলাই থেকে পাওলির ঢাকায় শুটিং

আপডেট : ২০ এপ্রিল ২০১৪, ২০:১০
অনেকদিন ধরেই একটু একটু করে এগোচ্ছেন নির্মাতা হাসিবুর রেজা কল্লোল তার ‘সত্তা’ ছবিটি নিয়ে। বেশ ক’মাস আগেই নির্মাতা ছবির সবকটি গানের রেকর্ডিংয়ের কাজ শেষ করেছেন। বাপ্পা মজুমদারের কম্পোজিশনে ‘সত্তা’ ছবির গানের রেকর্ডিংয়ের পর নির্মাতা এবারে চমক হিসেবে আনলেন কলকাতার ‘হেট স্টোরি’ বা ‘ছত্রাক’ খ্যাত পাওলি দামকে। অভিনেত্রী পাওলি দামকে এরই মধ্যে ছবির কন্ট্র্যাক্ট চূড়ান্ত করেছেন। নির্মাতা জানান, ‘এর আগে ছবি নিয়ে কখনও কোনো নির্মাতা পাওলির কাছে যাননি। অর্থাত্ মিডিয়াতে যেসব খবরে যে নির্মাতারা বলেছেন তারা পাওলি দামকে নিয়ে কাজ করছেন তার সবই ভিত্তিহীন। কারণ এ কথাটা পাওলি নিজেই বললেন আমাকে। পাওলির কাছে যখন আমরা ছবিটি নিয়ে কথা বলতে গেলাম। তখনই তিনি হেসে বললেন, ‘আপনি কী ছবির গল্প শোনাবেন না ছবিটির কাজের ব্যাপারে কন্ট্রাক্ট করবেন। কারণ জানতে চাইলে তিনি বললেন, এর আগে অনেকেই গল্প শুনিয়ে গিয়েছে, কিন্তু পরে আর কোনো খবর পাওয়া যায়নি।’ অবশেষে আমরা ওপার বাংলার পাওলিকে লিখিতভাবেই চূড়ান্ত করলাম। এবং চুক্তি অনুযায়ী আগামী ১০ জুলাই ছবিটির কাজ শুরু করব। এছাড়া এই ছবিতে পাওলি কাজ করবেন আমাদের শাকিব খানের বিপরীতে।’