শান্তনুর ৫ ধারাবাহিক একসাথে

আপডেট : ২০ এপ্রিল ২০১৪, ২০:১১
সময়ের ব্যস্ত নাট্যকার শফিকুর রহমান শান্তনুর ৫টি ধারাবাহিক নাটক এ মুহূর্তে প্রচারিত হচ্ছে বিভিন্ন চ্যানেলে। সৈয়দ শাকিল পরিচালিত ‘বাতিঘর’ বাংলাভিশনে, দিপু হাজরার পরিচালনায় ‘থ্রি কমরেডস’ একুশে টেলিভিশনে, এস এম শাহিনের পরিচালনায় ‘১০০ হাত দূরে থাকুন’ প্রতি রবি ও সোমবার এটিএন বাংলায়, ইমরান হাওলাদারের পরিচালনায় ‘আগুন খেলা’ চ্যানেল আইতে, জুয়েল মাহমুদের পরিচালনায় ‘বৈরী বাতাস’ প্রতি শনি ও রবিবার এটিএন বাংলায় প্রচারিত হচ্ছে। এছাড়া তার লেখা তৌকীর আহমেদের পরিচালনায় আমেরিকায় চিত্রায়িত ধারাবাহিক ‘জলপ্রপাত’, সকাল আহমেদের পরিচালনায় শ্রীলঙ্কায় চিত্রায়িত ‘জিরো আওয়ার’, হিমেল আশরাফের ‘গপ্পো’, কমল চৌধুরীর ‘বাই ফোকাল’ শীঘ্রই প্রচার শুরু হবে। উল্লেখ্য, শান্তনু গত ১৩ ফেব্রুয়ারি সপরিবারে চট্টগ্রাম যাওয়ার পথে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন। বর্তমানে তার মা ও তিনি আশঙ্কাজনক অবস্থা কাটিয়ে কিছুটা সুস্থ আছেন। শান্তনু বলেন, ‘এই অবস্থাতেও আমি যেহেতু ধারাবাহিকের স্ক্রিপ্ট লিখছি। তাই এক হাত দিয়েই লেখালেখির কাজ চালিয়ে যাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে সুস্থ হয়ে পূর্ণোদ্যমে কাজে ফিরতে পারি।’