কালিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে জামায়াত নেতার কারাদণ্ড

আপডেট : ২০ এপ্রিল ২০১৪, ২১:৩১
সাতক্ষীরার কালিগঞ্জে জামায়াত নেতা আব্দুর রহমানকে (৪৩) সহিংসতার মামলায় গ্রেফতার করার পর ২ বছরের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। তিনি উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের নারায়ণপুর ওয়ার্ড জামায়াতের সভাপতি এবং নারায়ণপুর গ্রামের মৃত ফকির কারিকরের ছেলে। কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক শহিদুল্যাহর নেতৃত্বে পুলিশ শুক্রবার নলতা মোবারকনগর বাজারের কে বি আহ্ছানউল্যা ফিলিং স্টেশনের পার্শ্ববর্তী এলাকা থেকে আব্দুর রহমানকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে গাছ কাটা, সরকারি কাজে বাধা প্রদানসহ বিভিন্ন সহিংসতার অভিযোগে থানায় মামলা ছিল বলে পুলিশ জানায়। পরবর্তীতে শুক্রবার সন্ধ্যায় তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফারুক আহম্মেদ জামায়াত নেতা আব্দুর রহমানকে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন।