পৃথক দুর্ঘটনায় নিহত ১৬

আপডেট : ২০ এপ্রিল ২০১৪, ২১:৩১
দেশের বিভিন্ন স্থানে গত দুই দিনে সড়ক দুর্ঘটনাসহ পৃথক ঘটনায় ১৬ জন নিহত ও ৩৬ জন আহত হওয়ার খবর পাঠিয়েছেন দৈনিক ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। মুন্সীগঞ্জে দুইজন নিহত মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার কুশারীপাড়া বাইপাস সড়কে গত শনিবার মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষে বিল্লাল হোসেন সানী (৩৩) ও সাজ্জাদ হোসেন (৩২) নামের দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দিলে পরে ফায়ার সার্ভিসের কর্মী আগুন নিয়ন্ত্রণে আনে। শ্রীনগর থানার ওসি শেখ মাহবুবুর রহমান জানান, তারা একটি অনুষ্ঠানে যোগ দিতে মোটরসাইকেলে ঢাকার কেরানীগঞ্জ থেকে শ্রীনগর উপজেলার কোলাপাড়া আসছিলেন। নিহতদের বাড়ি বরিশালের উজিরপুর এবং বাকেরগঞ্জে। মুরাদনগরে ২ স্কুল ছাত্রের মৃত্যু কুমিল্লার মুরাদনগর উপজেলার গোমতী নদীর বেড়িবাঁধ এলাকায় গতকাল রবিবার সকালে মাটিবাহী ট্রাক্টর উল্টে দুই স্কুল ছাত্র মারা গেছে। নিহতরা হচ্ছে, পৌয়াপাথর গ্রামের মোসলেম মিয়ার ছেলে ও বেগমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ইমন মিয়া (১১) ও দেবিদ্বার উপজেলার গোপালনগর গ্রামের আব্দুস ছালামের ছেলে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ইমরান মিয়া (১১)। চান্দিনায় শ্রমিক নিহত কুমিল্লার চান্দিনায় গতকাল রবিবার পৃথক সড়ক দুর্ঘটনায় এরশাদ (৫০) নামে এক জুট মিলের এক শ্রমিক নিহত ও আরো ৬ জন আহত হয়েছেন। আহতরা হলেন, মমিন, কাউসার, নয়ন ও নিহত এরশাদের মেয়ে মিম। এদিকে একই দিন দুপুরে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় একটি সিএনজি অটোরিকশাকে পিকআপ ভ্যান ধাক্কা দিলে অটোরিকশার ২ যাত্রী আহত হন। আহতরা হলেন, কবির হোসেন, সীমা রানী। গাজীপুরে শ্রমিকের মৃত্যু গাজীপুর মহানগরের কোনাবাড়ি আমবাগ এলাকায় গত শনিবার রাতে কামাল হোসেন (৪০) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে দিনাজপুরের বীরগঞ্জ থানার সত্যপুর গ্রামের জুলহাস মিয়ার ছেলে এবং স্থানীয় ইটভাটার শ্রমিক ছিল। রংপুরে একজন নিহত রংপুর নগরীর মেডিক্যাল মোড় এলাকায় গত শনিবার বিকালে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এমদাদুল নামে এক পথচারী নিহত হয়েছেন। নিহতের বাড়ি রংপুরের গঙ্গাচড়া উপজেলায়। কাপাসিয়ায় বৃদ্ধ নিহত গাজীপুরের কাপাসিয়ায় গত শনিবার ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে বাশির উদ্দিন সিকদার (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের বাড়ি স্থানীয় তরগাঁওয়ের মাইজার ভিটি সিকদার বাড়ি এলাকায়। পাঁচবিবিতে একজনের মৃত্যু পাঁচবিবি-হিলি সড়কের রামচন্দ্রপুর ইটভাটার নিকটে গত শনিবার বিকালে ট্রাকের ধাক্কায় খবির উদ্দিন নামের (৫০) এক বাইসাইকেল আরোহী মারা গেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, খবির উদ্দিন বাইসাইকেলে পাঁচবিবিতে যাওয়ার পথে মাল বোঝাই একটি ট্রাকের ধাক্কায় তিনি মারা যান। লক্ষ্মীপুরে দুধ ব্যবসায়ীর মৃত্যু লক্ষ্মীপুর-রায়পুর সড়কের শহরের উত্তর তেমুহনী এলাকায় গত শনিবার দুপুরে ট্রাকের চাপায় মো. নজির আহমেদ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী থেকে একটি ট্রাক রায়পুরের দিকে যাওয়ার সময় সাইকেলে থাকা দুধ ব্যবসায়ী নজির আহমদকে পিছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। সাতকানিয়ায় ছাত্রী নিহত চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার মৌলভীর দোকান এলাকায় গত শনিবার দুপুরে এক ডাম্পার গাড়ির চাকায় পিষ্ট হয়ে দোহা আক্তার নামে এক মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছে। সে স্থানীয় রসুলাবাদ ইসলামিয়া ফাযিল মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্রী। রসুলাবাদ মাদ্রাসার অধ্যক্ষ আবু নঈম ছিদ্দিক আহমদ বলেন, রাস্তায় ইট ভাঙা মেসিনের আওয়াজে গাড়ি আসার শব্দ না শোনায় রাস্তা পার হতে গিয়ে গাড়ির নিচে চাপা পড়ে মারা যায়। উল্লাপাড়ায় মাছ ব্যবসায়ীর মৃত্যু সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার নাইমুড়ি গ্রামে গত শনিবার পিকআপ ভ্যান উল্টে লিটন আলী (২৪) নামে এক মাছ ব্যবসায়ী মারা যান। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আলী ফরিদ আহমেদ জানান, লিটন তাড়াশের মহিষলুটি বাজারে মাছ বিক্রি শেষে হাটিকুমরুলে যাওয়ার পথে লিটন গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এ ব্যাপারে সলঙ্গ থানায় একটি মামলা হয়েছে। রায়পুরায় বজ্রপাতে কৃষকের মৃত্যু নরসিংদীর রায়পুরা উপজেলার মতিউর নগর গ্রামে গত শনিবার দুপুরে মো. এরশাদ মিয়া (৪০) নামে এক কৃষক বজ্রপাতে মারা যান। জানা যায়, অন্য দিনের ন্যায় এরশাদ মিয়া জমিতে চাষাবাদ করতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। দিনাজপুরে স্কুল ছাত্র নিহত দিনাজপুরে শহরের মির্জাপুর কালুরমোড়ে গত শনিবার সকালে সজনা পাড়তে গিয়ে বিদ্যুত্স্পৃষ্টে আলফাস সানি উত্সব (১৪) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছেন। সে কাঠ ব্যবসায়ী আবু বকর সিদ্দিকের পুত্র ও চেহেলগাজী শিক্ষা নিকেতনের ৯ম শ্রেণির ছাত্র। এ ব্যাপারে কোতয়ালী থানায় ইউডি মামলা হয়েছে। কালকিনিতে যুবকের মৃত্যু মাদারীপুরের কালকিনি উপজেলার গুচ্ছ গ্রামের আড়িয়াল খাঁ নদীতে পানিতে ডুবে গত শনিবার সন্ধ্যায় শাকিল খান (২২) নামে এক ব্যক্তি মারা যান। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রলার থেকে তীর উঠার সময় শাকিলের জুতা নদীতে পড়ে যায়। এ সময় শাকিল জুতা খুঁজতে গিয়ে পানির নিচে তলিয়ে যায়। ২ ঘণ্টা পর রাতে তার লাশ পানির নিচ থেকে উদ্ধার করা হয়। মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে একজন নিহত টাঙ্গাইলের মির্জাপুরে শনিবার সন্ধ্যায় মহেড়া ট্রেন স্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় (৩৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। সাভারে ৩০ যাত্রী আহত সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নিকটে সিএন্ডবি এলাকায় গত শনিবার সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৩০ যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। পুলিশ জানায়, চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা দর্শনা ডিলাক্স পরিবহনের বাসটি নিযন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে পাশের সীমানা প্রাচীরের ওপর উঠে পড়ে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে যাত্রীদের উদ্ধার করে। পরে আহতদের সাভারের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চিকিত্সা দেয়া হয়।